পুষ্পার ইমেজ ঝেড়ে ফেলে এবার ‘রাকা’ অবতারে ধরা দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। পরিচালক অ্যাটলির নতুন সাই-ফাই ছবিতে অভিনেতার লোমশ শরীর আর ধারালো নখ দেখে কার্যত স্তব্ধ দর্শকরা। ভারতীয় সিনেমায় মানুষরূপী পশু বা অতিপ্রাকৃত চরিত্রে অভিনয়ের ট্রেন্ড দীর্ঘদিনের। আল্লুর এই নব্য রূপের আবহে ফিরে দেখা যাক পর্দার সেইসব আইকনিক চরিত্রদের।
এই তালিকার অন্যতম নাম রাহুল রায়। ১৯৯২ সালে মহেশ ভাটের ‘জুনুন’ ছবিতে প্রতি পূর্ণিমার রাতে তাঁর বাঘে রূপান্তরিত হওয়ার দৃশ্য আজও শিহরণ জাগায়। ২০২২ সালে অমর কৌশিকের ‘ভেড়িয়া’ ছবিতে বরুণ ধাওয়ানকে দেখা যায় দুর্ধর্ষ নেকড়ে মানবের চরিত্রে। অরুণাচল প্রদেশের লোকগাথা নিয়ে তৈরি এই ছবি দর্শকদের আধুনিক গ্রাফিক্সের স্বাদ দিয়েছিল।
হরর-কমেডির দুনিয়ায় ২০২৫-এ আয়ুষ্মান খুরানা ‘থামা’ ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করে ‘বেতাল’ বা ভ্যাম্পায়ারে পরিণত হন। টেলিভিশনের পর্দায় আবার ভিভিয়ান ডিসেনা ‘পেয়ার কী ইয়ে এক কাহানি’র অভয় রাইচান্দ হিসেবে প্রথম জনপ্রিয় ভ্যাম্পায়ার হয়ে ওঠেন। ওটিটি-তে ‘টুথ পরী’ সিরিজে তানিয়া মানিকতলাও রক্তচোষার ভূমিকায় নজর কেড়েছিলেন। এবার আল্লু অর্জুন সেই ধারায় কোন নতুন মাত্রা যোগ করেন, সেদিকেই তাকিয়ে সিনেমা মহল।





