নোরা ফাতেহির গানে তুমুল অশ্লীলতা! ক্ষমা চেয়েও কি রক্ষা পাবেন ‘কেডি: দ্য ডেভিল’ পরিচালক?

মুক্তির আগেই আইনি বিপাকে ধ্রুব সারজা ও সঞ্জয় দত্ত অভিনীত বহুল চর্চিত সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ (KD: The Devil)। নেপথ্যে সিনেমার অন্যতম গান ‘সরকে চুনর’ (Sarke Chunar)। গানের কথায় মাত্রাতিরিক্ত চটুল ও অশ্লীল শব্দ ব্যবহারের অভিযোগে উত্তাল গোটা দেশ। বিতর্কের আঁচ গড়িয়েছে সংসদ ভবন থেকে জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন পরিচালক তথা গীতিকার প্রেম।

আচার আর বোতলের রূপক? সাফাই পরিচালকের:
গানের কথা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন পরিচালক প্রেম। তাঁর দাবি, কাউকে আঘাত করা বা অশ্লীলতা ছড়ানো তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, “আমি কৌতূহল জাগাতে গানটির চিত্রকল্পে আচার এবং বোতলের রূপক ব্যবহার করেছিলাম। কিন্তু মানুষ একে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে।” তবে জনসাধারণের ভাবাবেগে আঘাত লাগায় তিনি ক্ষমাপ্রার্থী এবং স্পষ্ট জানিয়েছেন, বিতর্কিত গানটির হিন্দি সংস্করণ পুরোপুরি নতুন করে লেখা হবে।

একে অপরকে দুষছেন পরিচালক-গীতিকার:
হিন্দি সংস্করণের গীতিকার রাকিব আলমের শব্দচয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর মতে, ভাষার সীমাবদ্ধতার কারণে হয়তো তিনি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেননি। যদিও পালটা যুক্তিতে রাকিব আলম জানিয়েছেন, তিনি কেবল মূল কন্নড় গানটির আক্ষরিক অনুবাদ করেছেন মাত্র, কোনো বাড়তি শব্দ যোগ করেননি।

নোরা ফাতেহি বনাম পরিচালক: শুরু ঠান্ডা লড়াই
এই বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি সরাসরি দায় চাপিয়েছেন পরিচালকের ওপর। নোরার দাবি, হিন্দি সংস্করণের কথাগুলো তাঁর অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং তিনি আগেই বিপদের আঁচ পেয়েছিলেন। তবে নোরার এই মন্তব্যে হতাশ পরিচালক প্রেম। তাঁর পালটা প্রশ্ন, “গানের কথা না বুঝে একজন অভিনেত্রী কীভাবে অভিনয় করেন? আগে তো তিনি ইতিবাচক কথাই বলেছিলেন।”

আইনি নোটিশ ও মুক্তি:
ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে সিনেমার নির্মাতাদের নোটিশ পাঠানো হয়েছে। তবে গান নিয়ে এত জলঘোলা হলেও সিনেমার মুক্তির তারিখ পেছানো হচ্ছে না। আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কেডি: দ্য ডেভিল’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy