পুজোর আগেই দর্শকের জন্য সুখবর। আসছে নতুন বাংলা ছবি ‘দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’। রবিবার (৮ সেপ্টেম্বর) ছবির পোস্টার মুক্তি পেয়েছে। একইসঙ্গে ছবির প্রচারের জন্য ঘোড়ায় চড়ে শ্যামবাজারের রাস্তায় হাজির হলেন ছবির প্রধান দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
পুজোর আগে রবিবার শ্যামবাজার এমনিতেই ব্যস্ত থাকে। তার উপর এই দুই তারকা ঘোড়ায় চড়ে আসায় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর সঙ্গে পরিচালক শুভ্রজিৎ মিত্র, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ সহ ছবির অন্যান্য কুশীলবেরাও হাজির ছিলেন।
শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিনোদিনী থিয়েটার পর্যন্ত লাল পোশাকে ঘোড়ায় চেপে যান তারা। সাধারণ মানুষের এই উচ্ছ্বাস দেখে পরিচালক অত্যন্ত খুশি বলে জানিয়েছেন।
পরিচালক শুভ্রজিৎ মিত্রের মতে, ছবিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হলেও এটি তার দীর্ঘ গবেষণার ফসল। ছবিতে ভবানী পাঠক কীভাবে প্রফুল্লকে দেবী চৌধুরানী করে তুলেছিলেন, সেই গল্প বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ছবির সংলাপ থেকে শুরু করে প্রোডাকশন ডিজাইন সবকিছুই শুভ্রজিৎ নিজেই করেছেন।
ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে, যার অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন কলকাতা থেকে মোহন এবং মুম্বই থেকে পিকে সাঁই। ছবিটি ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। ছবির জন্য অভিনেতা-অভিনেত্রীদের অস্ত্রচালনা ও অশ্বচালনা শিখতে হয়েছে।
ছবিটি ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজার ঠিক আগে মুক্তি পাবে।