২০১৩ সালের ‘রাঞ্জনা’ থেকে ২০২৫-এর ‘তেরে ইশক মেঁ’—বলিউডে আবেগ আর প্রেমের এক নতুন ভাষা তৈরি করেছেন পরিচালক আনন্দ এল রাই এবং অভিনেতা ধনুষ। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘তেরে ইশক মেঁ’ বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যখন সাফল্যের শিখরে, তখনই এই জুটির পরবর্তী কাজ নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। বি টাউনের গুঞ্জন, এবার আর শুধুই সমসাময়িক প্রেম নয়, ইতিহাসের প্রেক্ষাপটে এক বিশাল পিরিয়ড অ্যাকশন-রোম্যান্স ড্রামা নিয়ে আসতে চলেছেন এই জুটি।
সংশ্লিষ্ট মহলের দাবি, ‘তেরে ইশক মেঁ’-র বিপুল সাফল্যের পর আনন্দ এল রাই তাঁর গল্পের চেনা মানবিক টানকে এবার এক বৃহত্তর ক্যানভাসে তুলে ধরতে চাইছেন। যেখানে থাকবে যুদ্ধের আবহে এক গভীর প্রেমের গল্প। ধনুষের ক্যারিয়ারেও এটি একটি বড় বিবর্তন হতে পারে। কৃতি শ্যানন ও এ আর রহমানের সুরের জাদুতে সাজানো তাঁদের শেষ ছবিটির রেশ কাটতে না কাটতেই এই নতুন প্রজেক্টের খবর অনুরাগীদের মধ্যে উন্মাদনা বাড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, তবে দুই তারকার উচ্ছ্বাস ইঙ্গিত দিচ্ছে এক বড় সিনেম্যাটিক ধামাকার।