বলিউডের সুপারস্টার রণবীর সিংয়ের ওপর নেমে এল বড়সড় নিষেধাজ্ঞা। বিতর্কিত ‘ডন ৩’ সিনেমা থেকে আচমকা সরে দাঁড়ানোর জেরে অভিনেতা ও কলাকুশলীদের অন্যতম বৃহত্তম সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE) রণবীর সিংয়ের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। সংগঠনের এই সিদ্ধান্তের ফলে চার লক্ষেরও বেশি অভিনেতা, টেকনিশিয়ান এবং চলচ্চিত্র কর্মীরা রণবীরের সঙ্গে কোনো প্রজেক্টে কাজ করবেন না বলে জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-কে ঘিরে। বিগত তিন বছর ধরে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছিল। অভিযোগ, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে অভিনেতা রণবীর সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবিটি থেকে সরে দাঁড়ান। এর ফলে প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর ৪৫ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিদ্ধওয়ানি এই মর্মে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডাইরেক্টরস অ্যাসোসিয়েশন’-এ লিখিত অভিযোগ জানান, যা পরবর্তীতে ফেডারেশনের হাতে তদন্তের জন্য আসে।
ফেডারেশনের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সমস্ত খরচের অডিট রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে ২০০-র বেশি কর্মীর বিদেশ যাত্রা, হোটেল বুকিং এবং লোকেশনের খরচের হিসাব রয়েছে। ফেডারেশনের অধ্যক্ষ বিএন তিওয়ারি সাফ জানিয়েছেন, “আমরা ইন্ডাস্ট্রিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, কোনো সুপারস্টারই আইনের ঊর্ধ্বে নন। রণবীরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তিনবার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। তাই যতদিন না তিনি কর্তৃপক্ষের মুখোমুখি হচ্ছেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”
বিতর্কের মুখে পড়ে রণবীর সিংয়ের মুখপাত্রের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে রণবীর দাবি করেছেন, তিনি সবসময়ই ডন ফ্র্যাঞ্চাইজি এবং ইন্ডাস্ট্রিকে শ্রদ্ধা করেছেন। তিনি আরও বলেন, “পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা থাকা প্রয়োজন। অনেক জল্পনা ছড়িয়েছে, তবে তিনি জনসমক্ষে কোনো বিতর্ক উসকে দিতে চান না। তিনি নিজের কাজ ও ভবিষ্যৎ দায়িত্বের প্রতি দায়বদ্ধ।”
উল্লেখ্য, ‘ডন ৩’-এ রণবীরের নাম ঘোষণার পর থেকেই নানা জল্পনা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, ছবির স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। আবার কিছু মহলে গুঞ্জন ছিল, নির্মাতা হৃতিক রোশনকে ছবিতে নিতে চেয়েছিলেন, যা রণবীর মেনে নিতে পারেননি। যদিও হৃতিক রোশন স্পষ্ট করে দিয়েছেন, ‘ডন ৩’-এর জন্য তাঁর সঙ্গে কেউ কোনো দিন যোগাযোগই করেননি।
১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের ‘ডন’ দিয়ে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পরবর্তীকালে শাহরুখ খানের হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। রণবীর সিংকে নতুন ডন হিসেবে দেখার অপেক্ষায় ছিল দর্শকরা। কিন্তু ছবির শুটিং শুরুর আগেই এই আইনি ও পেশাদার টানাপোড়েন পুরো ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছে। ফেডারেশনের এই কড়া অবস্থান বলিউডের সুপারস্টারদের কাজের ধরনে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





