বাংলা টেলিভিশনের দর্শকের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের পর্দায় নতুন গল্পের ডালি সাজিয়ে ফিরছেন কিংবদন্তি প্রযোজক সুব্রত রায়। সম্প্রতি টেলিভিশনের পর্দায় উঠে এসেছে তাঁর নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’-এর প্রথম ঝলক। আর এই টিজার প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় খুশির হাওয়া।
প্রযোজক সুব্রত রায় মানেই এক অমোঘ আকর্ষণ। তাঁর হাত ধরেই দর্শক উপহার পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ভানুমতীর খেল’ এবং ‘দেবী চৌধুরানী’-র মতো কালজয়ী সব ধারাবাহিক। টানা দশ বছর ধরে চলা ‘সাধক বামাক্ষ্যাপা’র সাফল্যের কথা আজও বাংলা টেলিভিশনের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। নাম ভূমিকায় অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সেই অভিনয় আজও দর্শকের স্মৃতিতে অমলিন। একইভাবে, দিতিপ্রিয়া রায়কে ‘রানী রাসমণি’র ভূমিকায় যেভাবে বাঙালি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন সুব্রত রায়, তা ছিল এক অবিশ্বাস্য যাত্রা। ২০১৭ সালের ২৪ জুলাই শুরু হওয়া ‘করুণাময়ী রানী রাসমণি’ টানা পাঁচ বছর বাংলা বিনোদনের চালকের আসনে ছিল। অথচ, শুরুতে কিশোরী দিতিপ্রিয়াকে নিয়ে গবেষক মহলে সংশয় থাকলেও, পরিচালকের আস্থার জয় হয়েছিল শেষ পর্যন্ত। সেই দিতিপ্রিয়া আজ টলিউডের এক উজ্জ্বল তারকা।
সুব্রত রায় বাংলা টেলিভিশনের এমন একজন প্রযোজক, যিনি গল্প বলতে ভালোবাসেন। মাইথোলজিক্যাল বা পৌরাণিক কাহিনি তাঁর অত্যন্ত প্রিয় বিষয়। দীর্ঘ বিরতির পর মা কালীকে কেন্দ্র করে নতুন সফর শুরু করছেন তিনি। তবে নতুন ধারাবাহিক নিয়ে এখনই বিস্তারিত কিছু ফাঁস করতে নারাজ প্রযোজক। সবটাই চমক হিসেবে রাখতে চাইছেন তিনি। কবে থেকে কোন সময়সীমায় (স্লট) এই ধারাবাহিক সম্প্রচারিত হবে, তা এখনও নিশ্চিত নয়।
প্রযোজক হিসেবে পরিচিতি পেলেও, সুব্রত রায়ের ঝুলিতে রয়েছে অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সন্দীপ রায়ের সাথে দীর্ঘ পথচলা তাঁর। বহু ফেলুদা রহস্যচিত্র এবং গোয়েন্দা সিনেমার সম্পাদনা ও কনটেন্ট ডেভেলপমেন্টের নেপথ্যে ছিল তাঁরই মস্তিষ্ক। ‘বোম্বাইয়ের বম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘গোরস্থানে সাবধান’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ থেকে ‘ডবল ফেলুদা’—প্রতিটি ক্ষেত্রেই সম্পাদক হিসেবে তাঁর দক্ষতার পরিচয় অনস্বীকার্য। রহস্যের টানটান উত্তেজনা থেকে শুরু করে পুরাণের আধ্যাত্মিক আবহ—সুব্রত রায়ের প্রতিটি কাজেই দর্শক পেয়েছে আভিজাত্য আর গল্পের গভীরতা।
এবার ‘সতীপীঠ কালীঘাট’-এর হাত ধরে তিনি আবারও পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে চলেছেন। এখন শুধু অপেক্ষা ধারাবাহিকটি শুরু হওয়ার। নতুন গল্পে তিনি কোন নতুন মুখকে পরিচয় করিয়ে দেন এবং রহস্য ও ভক্তির সংমিশ্রণে কী চমক অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় দিন গুনছে দর্শক।





