স্টার জলসার জনপ্রিয় মেগা ‘রাঙামতি তীরন্দাজ’-এ এখন টানটান উত্তেজনা। গল্পের মোড় এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রতি মুহূর্তে শ্বাসরোধকারী পরিস্থিতি তৈরি হচ্ছে। সম্প্রতি দেখানো হয়েছে, জঙ্গলে বন্দি থাকার সময় দীর্ঘ বছর পর নিজের হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছে রাঙামতি। একদিকে মাকে ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে দেশের সম্পদ রক্ষা করার গুরুদায়িত্ব— দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখন লড়ছে রাঙা।
আচমকাই খবর রটে যায় যে বিমান দুর্ঘটনায় রাঙামতির পুরো পরিবার মারা গিয়েছে। কিন্তু আসল সত্যিটা হলো, রাঙা, একলব্য, বিহু ও বৃন্দা গভীর জঙ্গলে আটকে পড়েছে। সেখানেই রাঙার মা তাদের এক গোপন গুহার হদিস দেয়, যা সোনা, হিরে ও মুক্তোয় ঠাসা। দেশের এই বিশাল সম্পদ রক্ষা করতে মরিয়া রাঙামতি। কিন্তু গোল বাধায় বৃন্দা। টাকার লোভে সে গোপনে দুষ্কৃতীদের কাছে ওই গুপ্তধনের ম্যাপ পাচার করে দেয়। এর আগে শহর কলকাতাকে ভাইরাসের হাত থেকে বাঁচিয়েছিল রাঙা ও কম্পাস, এবার কি তারা জঙ্গলের এই অমূল্য সম্পদ রক্ষা করতে পারবে? ট্রোলিং আর কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে টিআরপি তালিকায় কিন্তু আজও অপ্রতিরোধ্য এই ধারাবাহিক।