বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টিকে নিয়ে মায়ানগরীতে এখন ডবল ধামাকা। একদিকে তাঁর ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল ৫’ নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো খবরে মেজাজ হারিয়েছেন পরিচালক, অন্যদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের রক্তচক্ষু ঘুম উড়িয়েছে তাঁর নিরাপত্তারক্ষীদের।
সম্প্রতি রটে যায় যে, ১৯৮০ সালের অমিতাভ বচ্চন ও শশী কপূর অভিনীত সুপারহিট ছবি ‘দো অউর দো পাঁচ’-এর অনুকরণে তৈরি হতে চলেছে ‘গোলমাল ৫’। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে রোহিত শেট্টির টিম। অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, “সমাজমাধ্যমে সম্পূর্ণ মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে। ‘গোলমাল ৫’-এর সঙ্গে পুরনো ওই ছবির কোনো সম্পর্ক নেই। যারা এই ভুল খবর লিখছেন বা ছড়াচ্ছেন, তারা অবিলম্বে তা সরিয়ে নিন, অন্যথায় কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
তবে পেশাদার জীবনের এই বিতর্কের মাঝেই রোহিতের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। সম্প্রতি পরিচালকের মুম্বইয়ের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার পর সমাজমাধ্যমে ‘আরজ়ো বিশ্নোই’ নামে এক ব্যক্তি এই হামলার দায় স্বীকার করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে ওই ব্যক্তি লেখে, “এটা স্রেফ একটা ট্রেলার ছিল। আমাদের কাজে নাক গলাতে বারণ করা সত্ত্বেও শোনেনি রোহিত। পরের বার গুলি আর বাড়ির বাইরে চলবে না, সোজা শোওয়ার ঘরে ঢুকে ওর বুকে চলবে।” এমনকি বাবা সিদ্দিকির পরিণতির কথা মনে করিয়ে দিয়ে গোটা বলিউডকেও সতর্ক করেছে এই কুখ্যাত গ্যাং। বর্তমানে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরিচালকের আবাসন।