‘করণ-অর্জুন’ এল ঘরে! যমজ সন্তান আসার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন দিব্যাঙ্কা

ছোটপর্দার জনপ্রিয় তারকা জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়ার পরিবারে এল জোড়া আনন্দ। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তাঁরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যমজ পুত্রসন্তানের মা-বাবা হলেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় নিজেরাই এই সুসংবাদ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

নিজের ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করেছেন দিব্যাঙ্কা এবং বিবেক। সেখানে দেখা যাচ্ছে, দুটি শিশু নীল পোশাক এবং টুপি পরে আকাশ ও মেঘের ব্যাকগ্রাউন্ডে বসে আছে। এই মিষ্টি ছবির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, “আমরা চেয়েছিলাম কিছুটা খুশি, ঈশ্বর আমাদের দিলেন দ্বিগুণ আনন্দ। আমাদের ঘর আলো করে এল যমজ পুত্র।”

তাঁরা আরও লিখেছেন, “অপেক্ষার অবসান। আমাদের ‘করণ-অর্জুন’ এসে গিয়েছে। জীবনটা এখন যতটা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। জীবনের এই নতুন এবং রোমাঞ্চকর অধ্যায় শুরু করতে আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য।” এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইছে বিনোদন জগতে। অনুরাগীরা যেমন এই যুগলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন, তেমনই ইন্ডাস্ট্রির সহকর্মীরাও তাঁদের এই নতুন জার্নির জন্য অভিনন্দন জানিয়েছেন। অঙ্কিতা লোখান্ডে, হিতেন তেজওয়ানি, শেরনু পারিখের মতো তারকারা কমেন্ট বক্সে তাঁদের ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ধুমধাম করে দিব্যাঙ্কার সাধের অনুষ্ঠান পালিত হয়েছিল। সেই অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই সময় থেকেই তাঁদের সন্তানের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিকের সেটে প্রথম আলাপ হয়েছিল দিব্যাঙ্কা এবং বিবেকের। সেই আলাপ থেকে বন্ধুত্ব এবং পরবর্তীকালে গভীর প্রেম। শেষ পর্যন্ত ২০১৬ সালের ৮ জুলাই ভোপালে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর যমজ সন্তান তাঁদের জীবনে যে এক নতুন রঙের ছোঁয়া নিয়ে এল, তা তাঁদের পোস্ট দেখলেই স্পষ্ট। এখন নতুন বাবা-মা হিসেবে নিজেদের জীবন সাজিয়ে তুলতে প্রস্তুত দিব্যাঙ্কা ও বিবেক। তাঁদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খুদে সদস্যদের প্রথম ঝলক দেখার জন্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy