দীপাবলিতে দোকানে কেন যাবেন? বাড়িতেই বানান মুখে মিলে যাওয়া বিখ্যাত ‘সেভেন কাপ বরফি’, রইল সহজ রেসিপি

দীপাবলির আনন্দ মানেই আলোর রোশনাই আর হরেক রকমের মিষ্টির সুবাস। উৎসবের এই মরশুমে মিষ্টির দোকানের দীর্ঘ লাইন এড়িয়ে বাড়িতেই খুব সহজে এবং দুর্দান্ত স্বাদে বানিয়ে ফেলতে পারেন ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিষ্টি ‘সেভেন কাপ বরফি’ (7 Cup Burfi)। মহীশূর পাকের মতোই মুখে দিলেই নিমেষে গলে যাওয়া এই মিষ্টি তৈরির পদ্ধতি অত্যন্ত সহজ এবং এটি বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না।

কী কী উপকরণ লাগবে?
এই বিশেষ মিষ্টি তৈরির মূল রহস্য এর নিখুঁত মাপে। সব উপকরণ পরিমাপ করার জন্য ঘরে থাকা যেকোনো একটি নির্দিষ্ট কাপ বা বাটি ব্যবহার করা বাঞ্ছনীয়। প্রয়োজনীয় উপকরণগুলি হলো:

বেসন – ১ কাপ

কোরানো নারকেল – ১ কাপ

চিনি – ২ কাপ

ফোটানো এবং ঠান্ডা করা দুধ – ১ কাপ

ড্রাই ফ্রুটস গুঁড়ো (আমন্ড ও কাজু) – ১ কাপ

খাঁটি ঘি – ১ কাপ

বানানোর সহজ পদ্ধতি:
প্রথমে একটি কড়াইতে ২-৩ চামচ ঘি গরম করে তাতে ১ কাপ বেসন দিয়ে কম আঁচে ২ থেকে ৩ মিনিট ভাজুন, যাতে বেসনের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায়। এরপর ১ কাপ কোরানো নারকেল মিশিয়ে আরও এক-দু’মিনিট নাড়াচাড়া করুন।

এবার ওই মিশ্রণে ২ কাপ চিনি এবং ১ কাপ ঠান্ডা দুধ ঢেলে ভালো করে মেশান। চিনি গলে গেলে গুঁড়ো করে রাখা আমন্ড ও কাজুর মিশ্রণ এবং এক চিমটে নুন দিয়ে অনবরত নাড়তে থাকুন। পুরো ১ কাপ ঘি একবারে না ঢেলে ৩-৪ বারে অল্প অল্প করে মেশাতে হবে। একদম শেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে আসবে এবং বুদবুদ উঠবে, যা এই বরফির সঠিক পাকের লক্ষণ।

সঙ্গে সঙ্গে একটি ঘি মাখানো থালা বা পাত্রে মিশ্রণটি ঢেলে সমান করে দিন এবং উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে সাজিয়ে নিন। মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা না করে একটু হালকা গরম থাকতেই ধারালো ছুরি দিয়ে চৌকো আকারে কেটে নিলেই তৈরি সুস্বাদু ‘সেভেন কাপ বরফি’।