শিক্ষকদের জন্য বিরাট সুযোগ! কাউন্সেলিংয়ে বিশেষ ডিপ্লোমা কোর্স আনছে এনসিইআরটি, জানুন বিশদ

জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (NCERT) শিক্ষক এবং কাউন্সেলিং পেশাদারদের জন্য গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে একটি বিশেষ ডিপ্লোমা কোর্স (DCGS) চালু করতে চলেছে। আগামী বছরের জানুয়ারি অর্থাৎ জানুয়ারি ২০২৭ থেকে এই কোর্সটি শুরু হওয়ার কথা রয়েছে। এই কোর্স চালুর মূল উদ্দেশ্য হলো স্কুলশিক্ষক এবং শিক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য পেশাদারদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া, যাতে তাঁরা পড়ুয়াদের শিক্ষাগত, সামাজিক-আবেগপ্রবণ এবং নৈতিক সমস্যাগুলি গভীরভাবে বুঝতে পারেন এবং সেগুলির সঠিক সমাধান করতে সক্ষম হন।

বর্তমান সময়ে পড়াশোনার চাপ, ক্যারিয়ারের কঠিন লড়াই, পরীক্ষার দুশ্চিন্তা এবং সহপাঠীদের সঙ্গে ক্রমাগত তুলনার জেরে স্কুল পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ ও অবসাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পড়ুয়াদের এই মানসিক চাপ লাঘব করতে এবং তাঁদের সঠিক দিশা দেখাতে শিক্ষকদের দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এনসিইআরটি এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।

এই ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রমটি এমনভাবে তৈরি করা হয়েছে যা শিক্ষকদের পড়ুয়াদের একাডেমিক সমস্যা, সামাজিক এবং মানসিক প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করে তার মোকাবিলা করতে সাহায্য করবে। পাশাপাশি, পড়ুয়াদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ, নিজেদের দায়িত্ববোধ বোঝ এবং তাদের মধ্যে ইতিবাচক আচরণ গড়ে তুলতে শিক্ষকদের উপযুক্ত করে তুলবে এই প্রশিক্ষণ।

এনসিইআরটি-র এই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ডিপ্লোমা কোর্সটি মোট এক বছরের। কোর্সটির পঠনপাঠন হবে হাইব্রিড মোডে, যা তিনটি ভাগে বিভক্ত। প্রথম ছয় মাস দূরশিক্ষণ বা ডিসট্যান্স মোডে পড়াশোনা হবে। পরবর্তী তিন মাস ফেস-টু-ফেস ক্লাস এবং শেষ তিন মাস বিশেষ ইন্টার্নশিপের সুযোগ থাকবে। বিশেষ সুবিধার জন্য শিক্ষকরা তাঁদের নিজ নিজ হোম ডিস্ট্রিক্ট বা গৃহজেলায় থেকে এই ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারবেন।

প্রাথমিকভাবে এনসিইআরটি-র মোট ৬টি সেন্টারে এই ডিপ্লোমা কোর্সটি চালু করা হবে। কেন্দ্রগুলি হলো—দিল্লি, আজমেঢ়, ভোপাল, ভুবনেশ্বর, মাইসুরু এবং শিলং। প্রতিটি সেন্টারে এই কোর্সের জন্য ৫০টি করে আসন নির্ধারিত রয়েছে। ভবিষ্যতে এই সমস্ত সেন্টারগুলি কলেজের রূপ নিলে আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।