কেনাকাটার মাঝেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি! মহালয়ার আগে বড় ধাক্কা উৎসবের বাজারে, আবহাওয়া নিয়ে বিরাট আপডেট!

রাস্তায় সারিবদ্ধ বিজ্ঞাপনের ব্যানার আর উপচে পড়া ভিড় দেখে বোঝাই যায় পুজো একদম দোরগোড়ায়। কিন্তু উৎসবের এই মেজাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। ঝকঝকে রোদের বদলে কলকাতার আকাশ থমথমে, মেঘলা আর দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর ও পার্শ্ববর্তী জেলাগুলি। সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও, এবারে আলিপুর আবহাওয়া দফতর এখনও আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা করেনি। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায়ের প্রক্রিয়া চললেও বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই।
শুক্রবার এবং মহালয়ার দিন অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উৎসবের কেনাকাটায় বেরোলে তাই ছাতা সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবে স্বস্তির খবর হলো, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে এবং কোনো ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর আগামী চতুর্থী ও পঞ্চমীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ফের বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও দক্ষিণবঙ্গের জন্য বড় কোনো দুর্যোগের সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ সমস্ত জেলাতেই শুক্রবার ও মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আকাশেও মেঘ কেটে আবহাওয়া সম্পূর্ণ শুকনো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শাস্ত্র মতে দেবীর আগমন ঘোড়ায় হলেও গমন নৌকায় হওয়ার কারণে বৃষ্টির যোগ রয়েছে। সামগ্রিকভাবে বর্ষা বিদায়ের পথে থাকলেও উৎসবের প্রথম দিনগুলোতে বৃষ্টির লুকোচুরি যে আমজনতার আনন্দ কিছুটা হলেও ব্যাহত করবে, তা বলাই বাহুল্য।