সাগরের বুকে ভাসমান গ্রাম! জলের ঘেরাটোপে কেমন কাটছে ১১৮টি পরিবারের হাড়হিম করা জীবন?

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের কাছে বঙ্গোপসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত ও সুন্দর দ্বীপ—’হোপ আইল্যান্ড’। গোদাবরী নদী থেকে ভেসে আসা পলি ও বালি জমে তৈরি হওয়া প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য যেকোনো পর্যটকের মন কেড়ে নিতে বাধ্য। কিন্তু এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে এক নির্মম ও কঠিন বাস্তব। এই দ্বীপের বুকেই গড়ে উঠেছে ‘পুত্রয়া পাকালু’ নামের এক বিচ্ছিন্ন গ্রাম, যেখানে বসবাস করে মাত্র ১১৮টি পরিবার। সমুদ্রের মাঝে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জনপদের মানুষের জীবনযাত্রা মূল ভূখণ্ডের চেয়ে এক্কেবারে আলাদা এবং চরম সংগ্রামের।
এখানের মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মাছ ধরা। পরিবারের আহার জোগাতে পুরুষরা গভীর সমুদ্র থেকে জালভর্তি মাছ ধরে তা কাকিনাড়া উপকূলে নিয়ে গিয়ে বিক্রি করেন। তবে চাল, ডাল, সবজি কিংবা যেকোনো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হলে একমাত্র ভরসা নৌকা। আবহাওয়া অনুকূল না থাকলে এই যাতায়াত হয়ে ওঠে মারাত্মক ঝুঁকিপূর্ণ। সমুদ্রের মেজাজ বিগড়ে গেলে বা বড় ঢেউ উঠলে এখানকার মানুষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। জালে মাছ উঠলে তবেই অন্নসংস্থান হয়, নতুবা কাটাতে হয় অনাহারে বা অর্ধাহারে।
দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে এখানে লড়াই করতে হয়। পানীয় জলের তীব্র সংকট, শিশুদের পড়াশোনা এবং উন্নত চিকিৎসার অভাব এই দ্বীপবাসীর নিত্যদিনের সঙ্গী। ছোটদের পড়াশোনার জন্য দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডের উপকূলে পাড়ি দিতে হয়। আর পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পৌঁছানো এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ নৌকায় চেপে কাকিনাড়ায় পৌঁছানোর আগে অনেক সময়ই বড় বিপদ ঘটে যায়। একদিকে যেমন এটি বিপন্ন অলিভ রিডলে কচ্ছপদের ডিম পাড়ার অন্যতম প্রধান নিরাপদ আশ্রয়স্থল, অন্যদিকে তেমনই এখানে বসবাসকারী মানুষগুলোর জীবন বড়ই অসহায়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে লুকিয়ে থাকা এই দ্বীপের বাসিন্দাদের জন্য সুপেয় জল, শিক্ষা, সুচিকিৎসা এবং যাতায়াতের স্থায়ী ব্যবস্থা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।