কলকাতার পানীয় জলের সংকট গড়াল রাষ্ট্রপুঞ্জে! বিস্ফোরক অভিযোগে আন্তর্জাতিক হস্তক্ষেপে মমতার সাংসদ!

কলকাতার জ্যোতিনগর কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখার গুরুতর অভিযোগ তুলে সরাসরি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (OHCHR)-এর দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় এই পদক্ষেপের কথা প্রকাশ্যে আনার পরেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর স্পষ্ট অভিযোগ, সেখানকার বাসিন্দারা সংখ্যালঘু সম্প্রদায়ের এবং তাঁরা শাসক দলের পছন্দের ভোটব্যাঙ্ক নন বলেই পরিকল্পিতভাবে এই অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে।
উত্তরের কাশীপুর ও নর্থ পোর্ট থানা এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনির প্রায় পাঁচ হাজার মানুষ বিধানসভা নির্বাচনের পর থেকে গত দু’মাস ধরে নিয়মিত পানীয় জল পাচ্ছেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সরকারি পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ফলে চরম দুর্দশার মুখে পড়েছেন সাধারণ মানুষ। যদিও স্থানীয় কিছু সামাজিক সংগঠন ট্যাঙ্কার দিয়ে জলের জোগান দেওয়ার চেষ্টা করছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। পর্যাপ্ত জলের অভাবে বিশেষ করে শিশু ও প্রবীণরা গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন।
রাষ্ট্রপুঞ্জে পাঠানো চিঠিতে সাংসদ সামিরুল ইসলাম আন্তর্জাতিক সনদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত কমিটির নির্দেশিকা অনুযায়ী নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল মানুষের মৌলিক অধিকার এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার অবিচ্ছেদ্য অঙ্গ। স্থানীয় প্রশাসনের দরজায় বারবার কড়া নেড়েও কোনো স্থায়ী সুরাহা না মেলায় তিনি আন্তর্জাতিক মঞ্চের নজরদারির দাবি জানিয়েছেন।
চিঠিতে চারটি নির্দিষ্ট বিষয়ে তথ্য তলবের আর্জি জানানো হয়েছে—প্রথমত, জ্যোতিনগর কলোনিতে জল বন্ধ থাকার প্রকৃত কারণ; দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে নিরাপদ জল সরবরাহের ব্যবস্থা; তৃতীয়ত, স্থায়ী পাইপলাইন সংযোগ পুনর্স্থাপনের পরিকল্পনা; এবং চতুর্থত, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি রোধে জরুরি পদক্ষেপ। কলকাতার বুকে একটি জনবহুল কলোনির পানীয় জলের বঞ্চনার ইস্যু আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোয় রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়েছে।