‘১৭ কোটি উধাও, ২২ কোটির ক্ষতি!’-সুপ্রিম কোর্টে কেঁদে ফেললেন রাজপাল যাদব

দীর্ঘ দিন ধরে চলতে থাকা কোটি কোটি টাকার চেক বাউন্স মামলায় অবশেষে শীর্ষ আদালতে কিছু টাকা জমা দিয়ে সাময়িক স্বস্তি পেতে লড়ছেন জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদব। বুধবার সকালে প্রায় ১.১৫ কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট হাতে সোজা সুপ্রিম কোর্টে হাজির হন এই কৌতুক অভিনেতা। মামলার বাকি থাকা ৮৫ লক্ষ টাকা মেটানোর জন্য আগামী ১৩ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে আদালত ও বিচারপতির কাছে নিজের চরম দুর্দশা এবং আর্থিক বিপর্যয়ের কথা তুলে ধরেন তিনি।
‘সিনেমার মতোই টাকাও উধাও!’— রাজপালের সঙ্গে বিচারপতির রসিকতা
শুনানি চলাকালীন রাজপাল যাদবের পরিচালিত ‘আতা পাতা লপাতা’ ছবিটি ফ্লপ হওয়া ও টাকা ডুবে যাওয়ার প্রসঙ্গ উঠতেই আদালত কক্ষে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। রসিকতার সুরে বিচারপতি অভিনেতাকে উদ্দেশ্যে করে বলেন, “আপনার সিনেমার নামের মতোই আপনার টাকাও উধাও হয়ে গিয়েছে, কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না!”
বিচারপতির এই মন্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি রাজপাল। অত্যন্ত হতাশ ও ভারী গলায় তিনি জবাব দেন, “হুজুর, আমি সারা জীবন মানুষকে হাসিয়ে এসেছি, বিনোদন দিয়েছি। কিন্তু আজ আমি নিজেই একটা নাটকে পরিণত হয়ে গিয়েছি।”
‘আমাকে দেউলিয়া করে দিল!’ আদালতের কক্ষে আবেগঘন রাজপাল
নিজের পরিচালিত ছবি এবং পাওনাদারদের বিরুদ্ধে বিস্ফোরক ক্ষোভ উগরে দিয়ে রাজপাল আদালতে জানান, গত ১৩ বছর ধরে আইনি স্থগিতােদশ এনে তাঁকে কোনো নতুন কাজ বা সিনেমা বানাতে দেওয়া হয়নি। রাজপাল আবেগতাড়িত হয়ে বলেন, “ওরা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নিজেদের ৫ কোটি টাকার জন্য আমার ১৭ থেকে ২২ কোটি টাকার অপূরণীয় ক্ষতি করিয়েছে। ওরা বলেছিল আমি নাকি ১০০ কোটি টাকার মালিক, তারপর আমাকে কোর্টে টেনে এনে জীবনটা শেষ করে দিল। ২০০টি ছবিতে কাজ করার পর আজ আমার এই হাল! তবে এখন আবার কাজ পাচ্ছি, আমি সব টাকা মিটিয়ে দেব।”
প্রধান বিচারপতি সূর্যকান্ত অবশ্য অভিনেতাকে সান্ত্বনা দিয়ে বলেন, “সব ভুলে আবার নতুন করে ভালো কিছু সিনেমা বানান এবং আগের মতোই মানুষকে বিনোদন দিন।”
কী ছিল সেই বিতর্কিত চেক বাউন্স মামলা?
উল্লেখ্য, ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক এক সংস্থার থেকে সিনেমা বানানোর জন্য মোটা টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। পরবর্তীতে পাওনা মেটাতে গিয়ে যে চেকগুলি তিনি দিয়েছিলেন, তা বাউন্স করে। এই মামলায় দিল্লি হাইকোর্ট রাজপালকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সাজা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেতা।
তবে বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও নির্ধারিত অর্থ না দেওয়ায় গত শুনানিতে শীর্ষ আদালত চরম ক্ষোভ প্রকাশ করেছিল। এদিন ১.১৫ কোটি টাকা জমা দেওয়ায় এবং বাকি ৮৫ লক্ষ টাকা মেটানোর প্রতিশ্রুতির প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনাকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ রাজপাল যাদবকে আগামী দুই সপ্তাহের বাড়তি সময় মঞ্জুর করেছেন।