আকাশে চরম আতঙ্ক! ৩৭ হাজার ফুট থেকে সোজা ৯ হাজারে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান, জারি জরুরি অবস্থা

মাঝ আকাশে হঠাৎ ভয়াবহ বিপত্তি! সোমবার আয়ারল্যান্ডের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় চরম সংকটের মুখে পড়ে ব্রিটিশ এয়ারওয়েজের (British Airways) একটি যাত্রীবাহী বিমান। ৩৭ হাজার ফুট উচ্চতা থেকে একঝটকায় ৯ হাজার ফুটে নেমে এসে জরুরি অবস্থা (Emergency) ঘোষণা করতে বাধ্য হয় বিমানটি। এই আকস্মিক ঘটনায় আন্তর্জাতিক বিমান মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ফ্লাইট-ট্র্যাকিং ডেটা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, লন্ডন হিথ্রো থেকে শিকাগো ও’হেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ বিমানটি (ফ্লাইট BA295)। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আচমকাই বিমানটি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে। প্রায় ৩৭ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় হঠাৎই এর উচ্চতা কমে দাঁড়ায় মাত্র ৯ হাজার ফুটে। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিমানটিকে লন্ডনের দিকে ঘুরিয়ে নেন। পরবর্তীতে বিমানটি নিরাপদে লন্ডন হিথ্রো বিমানবন্দরে ফিরিয়ে আনা হলেও, এই আকস্মিক পথ পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ এখনও ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
৭৭০০ জরুরি কোডটি আসলে কী? বিমান চলাচলের ক্ষেত্রে মাঝ আকাশে কোনো অপ্রত্যাশিত বা সাধারণ জরুরি পরিস্থিতি তৈরি হলে পাইলটরা ট্রান্সপন্ডারে ‘7700’ কোডটি ব্যবহার করেন। এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংকেত, যার মাধ্যমে পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের (ATC) অবিলম্বে সতর্কবার্তা পাঠান যে বিমানে কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমান এই ঘটনার পর বিমানটির যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো নেপথ্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।