সংসদে বড় ঝটকা খেল তৃণমূল! হাতছাড়া গুরুত্বপূর্ণ দুই স্থায়ী কমিটি, বড় রদবদলে এল কোন নতুন মুখ?

জাতীয় রাজনীতিতে ফের বড় ধাক্কা খেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিগুলি পুনর্গঠন করা হয়েছে। আর এই নতুন রদবদলেই চাপ বেড়েছে তৃণমূল শিবিরের উপর। শনিবার প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, সংসদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির শীর্ষ পদ হাতছাড়া হয়েছে জোড়াফুল শিবিরের।
শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, সংসদের বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ ও জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীকে। অথচ এই পদটিতে এর আগে দায়িত্বে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এর পাশাপাশি, রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটির ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। এই কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের কীর্তি আজাদকে। তবে আশ্চর্যের বিষয় হল, এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অন্দরের বিভাজন ও বর্তমান রাজনৈতিক সমীকরণের জেরে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে আগের প্রধানদেরই পদে বহাল রাখা হয়েছে। ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং কে কানিমোঝি যথাক্রমে শিল্প সংক্রান্ত কমিটি এবং খাদ্য, উপভোক্তা বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাদের মধ্যে কংগ্রেসের শশী থারুর বিদেশ সংক্রান্ত স্থায়ী কমিটি এবং চরণজিৎ সিং চন্নি কৃষি সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব বজায় রেখেছেন। এছাড়া এনডিএ জোটের শরিক দল যেমন জেডিইউ, শিবসেনা ও টিডিপি-র শীর্ষ নেতারাও বিভিন্ন সংসদীয় কমিটির প্রধানের পদে বহাল রয়েছেন।