৪৪ বছর পর এশিয়ান গেমসে সোনা জয়! হকি দলগটিকে ১১ লাখ করে পুরস্কার দেওয়ার ঘোষণা ওড়িশা সরকারের

৪৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতের মহিলা হকি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা অলিম্পিক রৌপ্যপদকজয়ী চিনকে ১-০ গোলে হারিয়ে সোনালি সাফল্য ছিনিয়ে এনেছেন ভারতীয় নারীরা। এই ঐতিহাসিক জয়ের সঙ্গেই ২০২৮ সালে হতে চলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও সরাসরি পাকা করে ফেলল ভারত। ভারতের এই স্মরণীয় জয়ের পর শনিবার বিজয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে ১১ লাখ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা করল ওড়িশা সরকার।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিজয়ী দলের প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য এই বিশেষ নগদ পুরস্কারের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় মহিলা হকি দলের প্রতি প্লেয়ারকে ১১ লাখ টাকা এবং দলের সাপোর্ট স্টাফদের প্রত্যেককে সাড়ে পাঁচ লাখ টাকা করে নগদ পুরস্কৃত করা হবে।

দলের অসামান্য নৈপুণ্য, সংকল্প এবং একাগ্রতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী পুরো টিমকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, তাঁদের এই সাফল্য সমগ্র দেশের জন্য চরম গর্ব বয়ে এনেছে। মুখ্যমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, ওড়িশা সরকার সবসময় ভারতীয় হকির পাশে শক্ত ভিত্তির মতো দাঁড়িয়ে রয়েছে এবং ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব গড়ে তুলতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Pratik Saha
  • Pratik Saha