দেশজুড়ে প্রতিবাদের ঝড়! অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াই এক ছাতায় আনতে বড় পদক্ষেপ রাহুল গান্ধীর

দেশের নানা প্রান্তে চলা প্রতিবাদ ও প্রতিবাদের বিভিন্ন কণ্ঠস্বরকে এক সুতোয় বাঁধতে অভিনব উদ্যোগ নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার তিনি ‘সত্যাগ্রহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা করেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, জেন-জি (Gen Z), পড়ুয়া, আদিবাসী, দলিত ও নারীরা তাঁদের ওপর হওয়া অন্যায় ও প্রতিবাদের গল্প সরাসরি শেয়ার করতে পারবেন।

প্রতিবাদের নতুন ভাষা ‘সত্যাগ্রহ’

এক্স (X) হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট ও ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী জানান, দেশের আনাচে-কানাচে লাখ লাখ মানুষ নিজেদের অধিকারের জন্য লড়ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা একা লড়াই চালিয়ে যান। অনেক সময়ই এই একক কণ্ঠস্বরগুলোকে দাবিয়ে দেওয়া হয়। এই বিচ্ছিন্ন লড়াইগুলোকে একটি ইন্টারেক্টিভ ম্যাপের মাধ্যমে একজোট করার জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

মাত্মা গান্ধীর আদর্শকে স্মরণ করে রাহুল বলেন, “বাপু আমাদের শিখিয়েছিলেন সত্যই সবচেয়ে বড় হাতিয়ার। তবে সত্যের পক্ষে একজোট হয়ে দাঁড়ানোটা আরও বড় হাতিয়ার। আপনিও যদি কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়েন, তবে নিজের গল্পটা শেয়ার করুন। মাত্র দু’মিনিট সময় লাগবে।”

কীভাবে কাজ করবে এই প্ল্যাটফর্ম?

  • ইন্টারেক্টিভ ম্যাপ: এই ওয়েবসাইটে একটি বিশেষ মানচিত্র থাকবে, যার সাহায্যে দেশের অন্য কোথাও একই ধরনের আন্দোলন চলছে কি না তা দেখা যাবে।

  • সরাসরি সংযোগ: আপনার প্রতিবাদের গল্প ছোট হোক বা বড়—নাম, বিবরণ ও কোন ইস্যু নিয়ে লড়াই, তা জানাতে হবে।

  • রাজনৈতিক ও আইনি সহায়তা: বিরোধী দলনেতা হিসেবে সংসদে, রাজপথে কিংবা চিঠির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ও তাঁদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের দুর্দশা থেকে শুরু করে নারীদের নিরাপত্তা—দেশজুড়ে চলা বহুমুখী প্রতিবাদের খবর এক জায়গায় আনার এই রাজনৈতিক পদক্ষেপ আগামী দিনে জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Pratik Saha
  • Pratik Saha