আরও বিপাকে ইন্দ্রনীল সেন! দুর্গাপুজোর টিকিটের পর এবার নজরুল উৎসবের খরচ ঘিরে কোটি টাকার দুর্নীতি মামলা!

দুর্গাপুজোর ভুয়ো টিকিট পাস বিক্রির চাঞ্চল্যকর অভিযোগের রেশ কাটতে না কাটতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ সামনে এল। নজরুল উৎসব পালনকে কেন্দ্র করে তথ্য ও সংস্কৃতি দফতরে বড় ধরনের আর্থিক তছরুপ ও দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। মূলত শিশির মঞ্চে নজরুল মহোৎসব উদযাপনের জন্য ২০২৫ সালে আকাশছোঁয়া অর্থাৎ ৩৭ লাখ ৯২ হাজার ৫৩ টাকা খরচ দেখানো হয়, অথচ এবছর সেই একই অনুষ্ঠান মাত্র ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকায় সম্পন্ন হয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে খরচের এই বিশাল ও অবিশ্বাস্য পার্থক্য ঘিরেই রাজ্য রাজনীতিতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও শোরগোল শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে যে, তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আমলেই এই বিপুল অঙ্কের সরকারি অর্থ তছরুপ করা হয়েছে। শুধু প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধেই নয়, এই অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দফতরের একাধিক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে। বিশেষ করে শিশির মঞ্চের আধিকারিক তপন তরফদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরিবারের একাধিক সদস্যকে অনৈতিকভাবে চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে অভিযোগকারীপক্ষ। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে একে কেন্দ্র করে প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।