বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি! এবার কি চমক নিয়ে হাজির হচ্ছেন টলিপাড়ার চর্চিত অভিনেতা?

বিগ বস বাংলার ঘরে ইতিমধ্যেই তিনজন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী প্রবেশ করেছেন। এবার চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিগ বসের ঘরে পা রাখতে পারেন জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে বিগ বস বাংলার প্রিমিয়ারের শুটিং করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁর অস্ত্রোপচার করাতে হয়। হাসপাতাল থেকেই নিজের শারীরিক অবস্থার খবর দিয়ে অভিনেতা জানিয়েছিলেন যে অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেই ঘটনার পর এবার তাঁর রিয়্যালিটি শোয়ে প্রবেশের খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
তবে শনের সম্ভাব্য প্রবেশের পিছনে দর্শকদের আগ্রহের আরও একটি বড় কারণ হলেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই শন ও সৃজলাকে নিয়ে টলিপাড়ায় নানা সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও দু’জনের কেউই কখনও প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি এবং নিজেদের বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ রেখেছেন। এর আগে শো চলাকালীন বিভিন্ন সময় নন্দিনী দত্তকে সৃজলার ‘প্রেমিক’ প্রসঙ্গে ইঙ্গিত করতে শোনা গিয়েছে। নাম না বললেও সেই ইঙ্গিত শনকে ঘিরেই ছিল বলে দর্শকদের একাংশ মনে করেছিলেন। ফলে শন সত্যিই ঘরে প্রবেশ করলে সৃজলার সঙ্গে তাঁর সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এখন প্রবল কৌতূহল তৈরি হয়েছে।