উত্তপ্ত সদাইপুর! পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৬ জন মহিলাসহ গ্রেফতার ১৬

গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের সদাইপুর এলাকা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুই গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এই ঘটনায় মোট চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জনের মাথা ফেটে যাওয়ায় তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং গত রাতে সদাইপুর থানার পুলিশ আগড়া গ্রামে বিশেষ তল্লাশি চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ছয়জন মহিলাও রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই একটি বিশেষ সম্পর্ককে কেন্দ্র করে গ্রামে অশান্তি দানা বাঁধছিল। প্রথমে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে একটি আপস-মীমাংসা হলেও গতকাল বিকেলে ফের উত্তেজনা ছড়ায় এবং সন্ধ্যার পর থেকে তা ভয়াবহ মারপিটে রূপ নেয়। খবর পেয়ে সদাইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীর একাংশ পুলিশের ওপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়ার পাশাপাশি মারধর করা হয় এবং পুলিশের দু’টি গাড়িও ভাঙচুর করা হয়। বর্তমানে গোটা এলাকায় চরম উত্তেজনা থাকলেও পুলিশের সক্রিয় পদক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল কারণ খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে।