৫৫ বছর পর উদ্ধার কিংবদন্তি শ্রাবন্তী মজুমদারের হারানো গান! পুজোর আগে বড় চমক

বাংলা আধুনিক গানের জগতে নিজস্ব গায়কী ও স্বতন্ত্র কণ্ঠের জাদুতে একসময় রেডিওর অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছিলেন গুণী শিল্পী শ্রাবন্তী মজুমদার। দীর্ঘ কয়েক বছরের বিরতি কাটিয়ে এবার শারদোৎসবের ঠিক আগে এক অভাবনীয় চমক নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবারের পুজোয় তাঁর ঝুলিতে রয়েছে এক বিশেষ উপহার—১৯৭১ সালে তৈরি ভি. বালসারা ও পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি অপ্রকাশিত গান, যা এতদিন সর্বসমক্ষে আসেনি।

জানা গিয়েছে, ১৯৭১ সালে প্রবাদপ্রতিম সুরকার ও যন্ত্রসঙ্গীত শিল্পী ভি. বালসারা এবং বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে একটি রোমান্টিক গান তৈরি হয়েছিল, যার শিরোনাম ‘রাস্তাটা যেখানে বাঁক নিয়ে গেছে কিছু দূরে’। কিন্তু নানা কারণে সেই সময় গানটি রেকর্ড করা হয়নি। দীর্ঘ ৫৫ বছর পর সেই পুরনো সুরকেই নতুন করে সাজিয়ে মধু মুখোপাধ্যায়ের সঙ্গীত আয়োজনে নিজের কণ্ঠে ধারণ করেছেন শ্রাবন্তী মজুমদার। গানটি প্রসঙ্গে বলতে গিয়ে শিল্পী জানান, সত্তরের দশকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভি. বালসারার সুরে তাঁর গাওয়া ‘আমি একটা ছোট্ট বাগান করেছি’ কিংবা ‘চোখ দুটো অজান্তে উঠল কেঁপে’ গানগুলি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই অপ্রকাশিত গানটি এতদিন রেকর্ড না হওয়ায় তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা জুড়ে রয়েছে।

সময়ের সঙ্গে গান শোনার মাধ্যম রেকর্ডের জমানা থেকে ক্যাসেট, সিডি হয়ে আজ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করলেও সুরের প্রতি শ্রাবন্তীর ভালোবাসা এক বিন্দুও কমেনি। তাঁর শেষ অ্যালবাম ‘নস্টালজিয়া’ প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ বিরতির পর আগামী ২ অক্টোবর তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে এই ঐতিহাসিক গানটি। সত্তরের দশকের সেই সোনালী নস্টালজিয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের কাব্যিক লিরিক, ভি. বালসারার জাদুকরী সুর এবং শ্রাবন্তীর মায়াবী কণ্ঠ—সব মিলিয়ে এবারের পুজোয় পুরনো দিনের এক হারানো সুর যেন নতুন প্রাণ পেতে চলেছে।