মিড ডে মিলের মেনুতে বড় চমক! মুখ্যমন্ত্রীর বিশেষ উপহারে মাছ-রসগোল্লা পেল হাওড়ার পড়ুয়ারা

হাওড়ার রাজলক্ষ্মী ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ে মিড ডে মিলের চেনা ছবিটা হঠাৎই বদলে গেল। প্রতিদিনের রুটিন মেনুর বাইরে গিয়ে এবার সেখানকার পড়ুয়াদের জন্য বিশেষ উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্কুলে এসে সাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেয়েছিলেন তিনি। আর তার ঠিক পরের দিনই স্কুলটির সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য দুপুরের খাবারে পাঠানো হলো মাছ ও রসগোল্লা।

এদিন প্রায় বারোশো পড়ুয়া এবং স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা একসঙ্গে বসে চড়ুইভাতির মেজাজে দুপুরের খাবার উপভোগ করেন। এই বিশেষ আয়োজন ও উপহার পেয়ে দারুণ খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে কচিকাঁচারাও। স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানান, অতীতে রান্নাঘর ও খাওয়ার ঘরের পরিকাঠামো ভালো না থাকলেও প্রাক্তনীদের সাহায্যে তা উন্নত করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্কুলে এসে সেই কাজের ভূয়সী প্রশংসা করেন এবং পরবর্তীতে স্কুলটিকে একটি ‘স্মার্ট স্কুল’-এ রূপান্তরিত করার আবেদনও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক ও ভালোবাসায় ভরা পদক্ষেপে ওয়াকিবহাল মহলে জোর চর্চা শুরু হয়েছে যে, ভবিষ্যতে কি তবে মিড ডে মিলের মেনুতে স্থায়ীভাবে এরকম পদের দেখা মিলবে?