নয় নয় করে দশ বছর! ওটিটি কাঁপাতে আসছে হইচইয়ের ধামাকাদার নতুন মাস্টারপ্ল্যান

দেখতে দেখতে এক দশক পূর্ণ করে দশ বছরে পা রাখতে চলেছে বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। ভারতের সেরা পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় দৃঢ় স্থান দখল করে থাকার পাশাপাশি বিশ্বজুড়ে নিজেদের পরিধি আরও প্রসারিত করতে এবার একগুচ্ছ যুগান্তকারী ও মাস্টারস্ট্রোক পরিকল্পনা হাতে নিয়েছে টিম হইচই। সংস্থার চিফ অপারেটিং অফিসার (COO) সৌম্য মুখোপাধ্যায়ের মতে, গত দুই-তিন বছরে সামগ্রিক ওটিটি বাজার খানিকটা স্তিমিত বা অপরিবর্তনশীল থাকলেও, হইচইয়ের কনটেন্ট বৃদ্ধির গ্রাফ অত্যন্ত ঊর্ধ্বমুখী। শুধুমাত্র ভারতেই নয়, প্রতিবেশী বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং লন্ডনের মতো আন্তর্জাতিক বাজারেও হইচইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা ও জনপ্রিয়তা এখন তুঙ্গে। বাংলা গল্প ভিনদেশি ভাষায় ডাব হয়ে বিশ্বমঞ্চে সমাদৃত হওয়ায় ব্যবসার পরিধিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
দর্শকদের অভিজ্ঞতাকে আরও বেশি উপভোগ্য ও রোমাঞ্চকর করে তুলতে ইতিমধ্যেই টিভি প্লাস (TV Plus) ব্যবস্থা চালু করেছে প্ল্যাটফর্মটি, যেখানে সাপ্তাহিক ভিত্তিতে নতুন এপিসোড সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। শুধু ফিকশন বা ওয়েব সিরিজই নয়, দর্শকদের কথা মাথায় রেখে এবার নন-ফিকশন কনটেন্টের ওপরও সমানভাবে জোর দেওয়া হচ্ছে। ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করতে আত্মপ্রকাশ ঘটেছে ‘হইচই স্টুডিও’-র, যার মাধ্যমে বড় পর্দার জন্য ফিচার ফিল্ম নির্মাণের কাজও সফলভাবে এগিয়ে চলেছে। চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের ৪টি নতুন সিনেমা, যা এই ওটিটি প্ল্যাটফর্মের মুকুটে এক নতুন সংযোজন। একই সঙ্গে আগামী দিনে ২৪টি একেবারে নতুন এবং ভিন্ন স্বাদের ওয়েব স্টোরি বা সিরিজ নিয়ে হাজির হওয়ার ঘোষণা করেছে টিম হইচই, যা ওটিটি দুনিয়ায় বিনোদনের সংজ্ঞাই বদলে দিতে প্রস্তুত।