হরিয়ানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা ভবন! ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক, মৃত অন্তত ২!

রবিবারের বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল হরিয়ানার অম্বালা। সেখানে একটি নির্মীয়মাণ তিনতলা ভবন হঠাত্ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ভয়াবহ বিপর্যয়ে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই ধূলকোট গ্রামের ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার অভিযান।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভবনটি ভেঙে পড়ার পর ধ্বংসস্তূপের নীচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক ও সাধারণ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অম্বালা সিটি এসডিএম দর্শন কুমার জানিয়েছেন যে নিখোঁজদের উদ্ধারে জোরকদমে কাজ চলছে।
উদ্ধারকাজে নামল NDRF ও SDRF
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। উদ্ধারকর্মীরা দ্রুততার সঙ্গে কংক্রিটের স্ল্যাব ও ভারী জঞ্জাল সরিয়ে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটল এবং এই নির্মাণকাজে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।