নেইল এক্সটেনশনে হাজার হাজার টাকা জলে যাচ্ছে না তো? অজান্তেই এই মারাত্মক ভুলগুলি করছেন না তো নারীরা?

বর্তমানের ফ্যাশন দুনিয়ায় মেয়েদের কাছে ‘নেইল এক্সটেনশন’ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নখের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য থেকে শুরু করে নানা ধরনের সুন্দর আকার ও আকর্ষণীয় ডিজাইন— সবকিছু মিলিয়ে হাতের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে এই কৃত্রিম নখগুলো। অ্যাক্রিলিক, জেল, পলিজেল বা প্রেস-অন নেইলের মতো বিভিন্ন পদ্ধতিতে এই এক্সটেনশন করা হয়ে থাকে। তবে এগুলির পেছনে মোটা অঙ্কের টাকা খরচ হয়। কিন্তু একটু অবহেলা করলেই সাধের নখ যেমন নষ্ট হয়ে যায়, তেমনই জলে যায় আপনার কষ্টের জমানো টাকা। তাই নেইল এক্সটেনশন করানোর পর কয়েকটি বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
দীর্ঘক্ষণ জলে হাত রাখা: নেইল এক্সটেনশন করানোর পর বেশ কিছুদিন দীর্ঘক্ষণ ধরে জলে হাত ডুবিয়ে রাখা থেকে বিরত থাকা উচিত। জলের সংস্পর্শে আঠা দুর্বল হয়ে যায়, যার ফলে নখ দ্রুত নষ্ট বা খসে যেতে পারে।
রাসায়নিক পদার্থের ব্যবহার: ঘর পরিষ্কার করার সময় ডিটারজেন্ট, ব্লিচ বা কড়া রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকুন। বাসন মাজার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করুন। রাসায়নিকের প্রত্যক্ষ সংস্পর্শে নখের আঠা নষ্ট হওয়া ছাড়াও নখের রঙ বিবর্ণ হয়ে যেতে পারে।
বাড়িতে নিজে নখ ছাঁটা বা ফাইল করা: কয়েক দিন পর এক্সটেনশন নিয়ে সামান্য বিরক্ত হয়ে অনেকে নিজেই বাড়িতে কাঁচি বা নেল কাটার দিয়ে নখ কাটতে শুরু করেন। এর ফলে নখের আকৃতি মারাত্মকভাবে বিকৃত হয়ে যেতে পারে। তাই নখ কাটতে বা ফিক্স করতে সবসময় সেলুনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত।
নখকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা: দেখতে হুবহু আসল ও শক্ত মনে হলেও কৃত্রিম নখ দিয়ে ক্যান বা জারের ঢাকনা খোলা কিংবা স্টিকার তোলার মতো কাজ করা একেবারেই উচিত নয়। নখকে কোনো কাজের ‘টুল’ বা সরঞ্জাম হিসেবে ব্যবহার করলে তা ভেঙে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে।
সঠিক পরিচর্যা এবং সামান্য সতর্কতা অবলম্বন করলেই আপনার শখের নেইল এক্সটেনশন থাকবে দীর্ঘস্থায়ী এবং সুরক্ষিত।