পুরনো গাড়ির ব্যবসার দেনা! বাড়ি থেকে জোর করে ব্যবসায়ীকে অপহরণ, তারপর যা ঘটল…

পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা সংক্রান্ত আর্থিক দেনাপাওনার জেরে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে জোর করে অপহরণ করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। তবে পুলিশি তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী। খবর পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে নয়াগ্রাম থানার পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রামের বাসিন্দা গুরুপদ মাহাতর সঙ্গে পুরনো গাড়ি কেনাবেচা নিয়ে ঝাড়খণ্ডের বেশ কয়েকজন ব্যবসায়ীর আর্থিক লেনদেন ছিল। সেই ব্যবসায়িক বিবাদের জেরেই শনিবার রাতে অভিযুক্তরা দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, জোর করে গুরুপদবাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডের দিকে চম্পট দেওয়ার চেষ্টা করে তারা।
পরিবারের কাছ থেকে ঘটনার খবর পেয়েই আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি নয়াগ্রাম থানার পুলিশ। শুরু হয় ঝাড়খণ্ডমুখী সমস্ত সম্ভাব্য রুটে কড়া নাকা তল্লাশি ও বিশেষ অভিযান। পুলিশের এই দ্রুত পদক্ষেপে কিছুক্ষণের মধ্যেই অপহৃত ব্যবসায়ীর সন্ধান মেলে। তাঁকে নিরাপদে উদ্ধার করে থানায় ফিরিয়ে আনা হয়। অপহরণের নেপথ্যে সুনির্দিষ্ট কী পরিকল্পনা ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।