‘এখনও কাজ শেষ হয়নি!’-অবসর নিয়ে জল্পনা উড়িয়ে বড় ইঙ্গিত দিলেন রোহিত শর্মা

টেস্ট এবং টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার রোহিত শর্মা। তবে দেশের জার্সিতে ওয়ানডে ফর্ম্যাটে এখনও নিয়মিত খেলে চলেছেন তিনি। এরই মধ্যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন ‘হিটম্যান’। তাঁর সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেট মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি একটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে কথোপকথনকালে নিজের ভবিষ্যৎ এবং কেরিয়ারের লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন রোহিত। তাঁর সাফ কথা, ক্রিকেট থেকে তাঁর ফুরিয়ে যাওয়ার সময় এখনও আসেনি। রোহিতের কথায়, ‘আমি কখনও ভাবব না যে আমার যে কাজটা করার ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে।’ যতদিন তিনি পেশাদার ক্রিকেট খেলবেন, ততদিন তাঁর সামনে নতুন কিছু অর্জন করার সুযোগ ও চ্যালেঞ্জ সবসময়ই থাকবে বলে জানান তিনি।

আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়েও নিজের গভীর আগ্রহের কথা প্রকাশ করেছেন রোহিত। তাঁর সংযোজন, ‘যতদিন খেলছেন, ততদিন সামনে তাকানোর মতো সবসময় কিছু না কিছু থাকবে। আমি বিশ্বকাপের অপেক্ষায় রয়েছি এবং দেখছি, আমার জন্য সামনে কী রয়েছে।’

আইসিসি (ICC) টুর্নামেন্টের চ্যালেঞ্জ ও গুরুত্বের কথা বলতে গিয়ে রোহিত জানান, সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে আইসিসি টুর্নামেন্টের আকাশ-পাতাল তফাত রয়েছে। বিভিন্ন দেশের বিরুদ্ধে এবং সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলতে হওয়ায় সেখানে মানসিক প্রস্তুতি ও কৌশলগত পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই দুর্দান্ত ফর্মে থেকে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বজয়ের সেই স্বপ্ন হাতছাড়া হয়েছিল। ফলে রোহিতের মনে যে কাপ জেতার অধরা খহেশা রয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। একদিকে বিরাট কোহলি যেমন ২০২৭ সালের বিশ্বকাপকে নিজের কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হিসেবে দেখার ইঙ্গিত দিয়েছেন, তেমনই রোহিত শর্মার এই নতুন মন্তব্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। দীর্ঘদিনের দুই অভিজ্ঞ সেনাপতিকে ২০২৭-এর বিশ্বমঞ্চে একসঙ্গে দেশের জার্সিতে দেখা যাবে কি না, এখন সেটাই দেখার।