টানা চার দিন ছুটি! খুশির জোয়ার স্কুল পড়ুয়াদের মধ্যে, কবে থেকে বন্ধ থাকছে স্কুল?

আসন্ন উৎসবের মরসুমে স্কুল পড়ুয়াদের জন্য এক দুর্দান্ত খুশির খবর সামনে এসেছে। টানা চার দিন স্কুল বন্ধ থাকার ঘোষণায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দের জোয়ার বইছে। বিশেষ উৎসব ও সরকারি ছুটির সুযোগে একযোগে বেশ কয়েকটি জেলার পড়ুয়ারা এই দীর্ঘ ছুটির আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে নির্দিষ্ট কিছু এলাকায়।
আসন্ন ১১ সেপ্টেম্বর তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে ইমানুয়েল শেখরনের স্মৃতিসৌধে স্মরণ দিবস এবং গুরু পুজো উৎসব অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। এই জনসমাগম ও উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা এড়াতে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর সংশিষ্ট জেলাগুলিতে সমস্ত মদের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যানজট এড়াতে যান চলাচলেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।
এই উৎসব ও নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই শিবগঙ্গা, তিরুপ্পুভানাম, মানামাদুরাই, ইলায়ানকুডি, কালাইয়ারকোভিল, দেবাকোট্টাই এবং চাকোট্টাই ব্লকের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে ছাত্রছাত্রীদের জন্য এক দারুণ ছুটির সুযোগ তৈরি হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবারের ছুটির ঠিক পরেই ১২ ও ১৩ সেপ্টেম্বর যথাক্রমে শনিবার ও রবিবার হওয়ায় স্বাভাবিক নিয়মেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখানেই শেষ নয়, এর ঠিক পরেই আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষ্যে রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে, শুক্রবারের ছুটির সঙ্গে শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সোমবার গণেশ চতুর্থীর সরকারি ছুটি মিলে একসঙ্গে টানা চার দিন—১১, ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর ছুটি উপভোগ করতে পারবেন সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রীরা। তামিলনাড়ু সরকারের এই ঘোষণার পর থেকেই খুদে পড়ুয়াদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে।