কালীঘাটে তল্লাশি অভিযান শেষে সিআইডির বড় সাফল্য, গ্রেফতার সুমিত রায়!

সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। শীর্ষ আদালতের এই কড়া নির্দেশ আসার পরেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। আইনের হাত থেকে বাঁচতে না পেরে অবশেষে সিআইডির জালে ধরা পড়লেন প্রভাবশালী নেতার এই ঘনিষ্ট সহযোগী।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সুমিত রায়ের খোঁজে সাঁড়াশি তল্লাশি অভিযান শুরু করে সিআইডি। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার অতি সংবেদনশীল এলাকা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজ বাসভবন এবং তার ঠিক পাশের একটি ভবনে একযোগে হানা দেয় তদন্তকারী সংস্থার বিশেষ দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের ওই ভবনটিতেই নিয়মিত বসবাস করতেন সুমিত রায়। সেখান থেকেই তাঁকে পাকড়াও করে সিআইডি আধিকারিকরা।
শালবনি জমি দুর্নীতি মামলার গভীরে পৌঁছাতে দীর্ঘদিন ধরেই এই হাই-প্রোফাইল গ্রেফতারির অপেক্ষা ছিল। রাজনৈতিক মহলের মতে, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আইনি সুরক্ষাকবচ হারিয়ে ফেলায় বিপাকে পড়েছেন সুমিত রায়। এই চাঞ্চল্যকর গ্রেফতারির পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এখন দেখার বিষয়, সিআইডির হেফাজতে জেরা চলাকালীন এই দুর্নীতি মামলার সঙ্গে আর কোন কোন রাঘববোয়ালের নাম উঠে আসে এবং তদন্ত কোন দিকে মোড় নেয়।