আধার কার্ডের ছবি কি অনলাইনে বদলানো যায়? জেনে নিন ১০০ টাকায় ছবি আপডেট করার সঠিক নিয়ম

আধার কার্ড বর্তমান সময়ে আমাদের অন্যতম প্রধান পরিচয়পত্র। কিন্তু বহু বছর আগে তৈরি হওয়া এই নথিতে অনেকেরই পুরোনো ছবি রয়েছে, যা বর্তমানে বর্তমান বয়সের সঙ্গে মেলে না বা অনেক সময় স্পষ্টও থাকে না। ফলে বহু মানুষই আধার কার্ডের ছবিটি পরিবর্তন করতে চান, তবে সঠিক পদ্ধতি না জানার কারণে সমস্যায় পড়েন।
অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আধার কার্ডের ছবি কি ঘরে বসে অনলাইনে পরিবর্তন করা সম্ভব? ভারতীয় অদ্বিতীয় শনাক্তকরণ কর্তৃপক্ষ বা UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধার কার্ডের ছবি অনলাইনে পরিবর্তন করা যায় না। আধারের ছবি আপডেট করার পুরো প্রক্রিয়াটি বায়োমেট্রিক আপডেটের অন্তর্ভুক্ত হওয়ায় এর জন্য অফলাইনেই কাজ সারতে হবে।
ছবি বদলানোর সহজ ধাপসমূহ:
নিকটবর্তী কেন্দ্র নির্বাচন: প্রথমে আপনার কাছাকাছি অবস্থিত আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে যেতে হবে, যেখানে আধার সংক্রান্ত কাজ হয়।
ফর্ম সংগ্রহ ও পূরণ: সেন্টারে গিয়ে আধার আপডেট বা কারেকশনের নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় তথ্য ও ছবি পরিবর্তনের বিষয়টি উল্লেখ করতে হবে।
ফর্ম জমা দেওয়া: পূরণ করা ফর্মটি নির্দিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে হবে।
বায়োমেট্রিক যাচাই: এরপর আপনার আঙুলের ছাপ এবং চোখের মণি বা আইরিশ স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই করা হবে।
লাইভ ছবি তোলা: আধার কেন্দ্রের নিয়ম অনুযায়ী বাড়ি থেকে আলাদা করে কোনো ছবি নিয়ে গেলে তা গ্রহণযোগ্য নয়। সেন্টারে উপস্থিত লাইভ ক্যামেরার মাধ্যমেই আপনার নতুন ছবি তোলা হবে।
অ্যাকনলেজমেন্ট স্লিপ: সমস্ত প্রক্রিয়া শেষ হলে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রসিদ দেওয়া হবে, যা যত্ন করে নিজের কাছে রাখতে হবে। এই স্লিপে থাকা আপডেট নম্বর দিয়ে পরবর্তী সময়ে আধারের স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।
আধার কার্ডের ছবি পরিবর্তনের জন্য নির্দিষ্ট ফি হিসেবে ১০০ টাকা দিতে হয়। এছাড়া ছবি বদলানোর জন্য অতিরিক্ত কোনো নথির প্রয়োজন হয় না, শুধু বর্তমান আধার কার্ডটি সঙ্গে রাখলেই কাজ সম্পন্ন করা সম্ভব। ইউআইডিএআই-এর তরফ থেকে ছবি পরিবর্তনের কোনো নির্দিষ্ট সীমার কথা জানানো হয়নি। আপডেট হওয়ার পর কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা না গেলেও, মাঝেমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নেওয়া ভালো।