লখনউ নামার ঠিক আগে মাঝআকাশে চরম আতঙ্ক! রাহুল গান্ধীর বিমানে হঠাৎ কী ঘটল যে বুক কেঁপে উঠল যাত্রীদের?

দিল্লি থেকে লখনউগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝআকাশে বড়সড় বিপত্তি দেখা দেয়। ফ্লাইট এআই-৭১৭১ যখন লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অন্তিম পর্যায়ে ছিল, ঠিক সেই সময়ই বিমানটিতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এবং পাইলট জরুরি ভিত্তিতে অবতরণ বাতিল করে বিমানটিকে ফের আকাশে তুলে নেন। জানা গিয়েছে, ওই বিমানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ছিলেন। প্রথমবার রানওয়ের কাছাকাছি এসে বিমানটি ভারসাম্যহীন হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলটের উপস্থিত বুদ্ধিতে পরবর্তীতে বিমানটি নিরাপদে ভূমি স্পর্শ করে।

নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা ২০ মিনিটে দিল্লি থেকে রওনা দিয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে লখনউয়ে পৌঁছানোর কথা ছিল বিমানটির। প্রথম দফায় ল্যান্ডিংয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পাইলট ‘গো-অ্যারাউন্ড’ পদ্ধতি প্রয়োগ করেন। বিমান চালনার এই স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রবিধান অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নিরাপদ অবতরণ সম্ভব না হলে পাইলট ল্যান্ডিং বাতিল করে বিমানটিকে নির্দিষ্ট উচ্চতায় ফিরিয়ে নিয়ে যান এবং নতুন করে অ্যাপ্রোচ তৈরি করেন। সেই নিয়ম মেনেই কিছু সময় আকাশে চক্কর কাটার পর পাইলট দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটিকে সম্পূর্ণ নিরাপদে লখনউ বিমানবন্দরে নামাতে সক্ষম হন।

দুই দিনের সফরে মঙ্গলবার উত্তর প্রদেশের রায়বেরেলিতে নিজের সংসদীয় নির্বাচনী এলাকায় পৌঁছেছেন রাহুল গান্ধী। সেখানে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (DISHA) একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর সভাপতিত্ব করার কথা রয়েছে। এই সফর এবং লখনউ বিমানবন্দরে অবতরণের সময় ঘটা ওই আকস্মিক বিমান বিভ্রাট নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha