জেল থেকে সোজা রাজসিংহাসনে! ইংল্যান্ডের এক সাধারণ ক্লাবের গোলরক্ষক কীভাবে হয়ে উঠলেন আস্ত একটা দেশের রাজা?

ইংল্যান্ডের এক ছোট ও অতি সাধারণ ফুটবল ক্লাবের গোলরক্ষক থেকে সরাসরি দেশের রাজা হওয়ার এক অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে। উগান্ডার তোরো উপজাতির রাজকীয় উত্তরাধিকার কমিটির ভোটে ৩৬ বছর বয়সি জর্জ ডেসমন্ড কামুরাসিকে তাদের পরবর্তী ‘ওমুকামা’ অর্থাৎ রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির ১৮ জন সদস্যের মধ্যে ১৫ জনই তাঁর পক্ষে ভোট দিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে জর্জ ডেসমন্ড কামুরাসি দক্ষিণ-পূর্ব লন্ডনের নন-লিগ ক্লাব এসই ডনসের (SE Dons) অধিনায়ক ও গোলরক্ষক হিসেবে খেলছেন, যা ইংলিশ ফুটবলের নবম স্তরের একটি ক্লাব। ফুটবল মহলে তিনি ‘বিগ জি’ নামেও বেশ পরিচিত।

প্রয়াত রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকুদির চাচাতো ভাই এবং প্রাক্তন রাজা জর্জ রুকুদিজির নাতি এই কামুরাসির জীবনকাহিনি সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। শৈশবে মায়ের মৃত্যুর পর ১৪ বছর বয়সে খারাপ সঙ্গের কবলে পড়ে তিনি অপরাধের দুনিয়ায় জড়িয়ে পড়েন এবং একসময় তাঁকে কারাবন্দীও হতে হয়। তবে জেলেই নিজের চরম ভুলের উপলব্ধি ঘটিয়ে জীবনে বড় পরিবর্তন আনেন তিনি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সম্পূর্ণভাবে ফুটবলে মনোনিবেশ করেন। প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ এই গোলরক্ষক পরবর্তীতে নাইকি একাডেমির জন্য নির্বাচিত হন এবং পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার হয়ে খেলার সুযোগ পান। তবে রাজকীয় এই দায়িত্ব পাওয়ার পরেও কামুরাসি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনেই শান্তিতে বসবাস করতে ইচ্ছুক বলে জানা গেছে। এখন উগান্ডার এই ফুটবলারের রাজমুকুট গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পালা, যা নিয়ে বিশ্বজুড়ে ক্রীড়া ও রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha