বড় ক্লাবগুলোকে অনুদান না নিলে কি বিরোধী বলা হবে? মমতাকে একহাত নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব দুর্গাপুজো। এই আবহে সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই পুজোর অনুদান ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, বিগত সরকারের অনুদান নীতি নিয়ে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে পুজো অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় ও আর্থিক দিক থেকে স্বাবলম্বী পুজো কমিটিগুলিকে এই অনুদান গ্রহণ না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। আর এখানেই বিগত জমানার কথা তুলে ধরে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। অতীতে অনুদান নিতে অস্বীকার করলে বা সরকারি সাহায্য না নিলে ক্লাবগুলিকে যেভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হতো বা ‘বিরোধী’ তকমা দেওয়া হতো, সেই সংস্কৃতিকে একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনো বড় ক্লাব যদি এই সরকারি অনুদান না নিতে চায়, তবে তাদের কোনোভাবেই বিরোধী বা সরকারের শত্রু বলে চিহ্নিত করা হবে না।

উল্লেখ্য, তৃণমূল জমানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করেছিলেন। ধাপে ধাপে সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে গত বছর অর্থাৎ ২০২৫ সালে তা ১ লক্ষ ১০ হাজার টাকায় এসে দাঁড়িয়েছিল। তবে বর্তমান পালাবদলের পর সরকারের এই নতুন অবস্থান এবং অনুদান নীতি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।