চোখের পলকে সব শেষ! গঙ্গার ভয়ংকর ভাঙনে মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে গেল শতাব্দীপ্রাচীন মন্দির!

মালদার রতুয়ায় গঙ্গার ভয়াবহ ও আগ্রাসী ভাঙনে চোখের পলকে তলিয়ে গেল প্রায় দেড়শো বছরের প্রাচীন এক ঐতিহাসিক শিব মন্দির। রবিবার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা পঞ্চায়েতের অন্তর্গত মুলিরামটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মহানন্দটোলার জিতুটোলা ও মুলিরামটোলা সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কিছুদিন ধরেই গঙ্গার ভয়ংকর রূপ দেখতে পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। এর আগে বহু বিঘে উর্বর চাষের জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেলেও মন্দিরটি রক্ষা নিয়ে তীব্র লড়াই চালাচ্ছিলেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বালির বস্তা ফেলে শেষ মুহূর্ত পর্যন্ত মন্দিরটি রক্ষার প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু গঙ্গার তীব্র জলোচ্ছ্বাস ও স্রোতের সামনে সেই প্রতিরোধ একবিন্দুও টেকেনি। চোখের সামনে নিজেদের ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক এমন একটি প্রাচীন পবিত্র স্থান তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা। নদীপাড়ে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষের বুকফাটা হাহাকার আর আকাশবাতাস কাঁপানো ‘জয় ভোলেনাথ’ ধ্বনিতে গোটা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। গঙ্গার এই ভাঙনের তীব্রতা দিনদিন আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় এখন গোটা এলাকা জুড়ে ঘরবাড়ি হারানোর চরম আতঙ্ক ও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।