স্ক্রিন নষ্ট হওয়ার ভয়ে আটকে গেল প্রজেক্ট! ফোল্ডেবল আইফোন নিয়ে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিল অ্যাপেল

অ্যাপেল ভক্তদের জন্য সম্প্রতি এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। কোম্পানি তাদের অত্যন্ত প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল আইফোনের সঙ্গে একটি বিশেষ অ্যাপেল পেনসিল আনার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে সেই প্রজেক্ট থেকে সম্পূর্ণভাবে পিছিয়ে এসেছে। বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ ও টিপস্টার মার্ক গারম্যান তাঁর জনপ্রিয় ‘পাওয়ার অন’ নিউজলেটারে এই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ডের এস পেনের আদলে একটি ছোট এবং মোটা প্রোোটটাইপ তৈরি করেছিল অ্যাপেল, যা ফোনের পাশে ম্যাগনেটিকভাবে আটকে থেকে চার্জ হওয়ার কথা ছিল। প্রায় ৭.৮ ইঞ্চির বিশাল ফোল্ডেবল স্ক্রিনে লেখার সুবিধার জন্যই এই পরিকল্পনা ছিল।

কিন্তু দুটি বড় সমস্যার জেরে অ্যাপেলের শীর্ষ কর্তারা এই ভাবনা বাতিল করতে বাধ্য হয়েছেন। প্রথমত, ফোল্ড ফিজিক্যাল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারিক সমস্যা দেখা দিচ্ছিল। পেনসিলটি ফোনের গায়ে আটকে থাকার কারণে ডিভাইসটি পুরোপুরি খোলা বা ভাঁজ করার সময় মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছিল, যা কোনোভাবেই গ্রাহক-বান্ধব নয়। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা। ফোল্ডেবল ফোনের ভেতরের নরম ও নমনীয় স্ক্রিনের ওপর স্টাইলাসের ক্রমাগত চাপ পড়লে তাতে স্থায়ী দাগ বা স্ক্র্যাচ পড়ার ঝুঁকি থাকে। ইতিপূর্বে স্যামসাংকেও এই একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল এবং বিশেষ রিট্র্যাক্টেবল টিপযুক্ত এস পেন বানাতে হয়েছিল।

প্রায় ২ লক্ষ টাকা মূল্যের এই প্রিমিয়াম ডিভাইসের এক্সপেরিয়েন্স কোনোভাবেই ক্ষুণ্ণ করতে চায় না অ্যাপেল। ফলস্বরূপ, আগামী ৯ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন লঞ্চের মঞ্চে অ্যাপেল পেনসিল দেখা যাবে না। তবে ভবিষ্যতে ডিসপ্লের প্রযুক্তি উন্নত হলে এবং স্ক্রিনের ক্ষতি এড়ানোর মতো নিরাপদ পেনসিল তৈরি করা সম্ভব হলে, পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল আইফোনে এই দুর্দান্ত ফিচারটি যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।