সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা! সেপ্টেম্বরেই কি ফের জোড়া বৃষ্টির ফাঁদে বাংলা?

সেপ্টেম্বরের শুরুতেই ফের একবার আবহাওয়া বদলের স্পষ্ট ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জোড়া ফলার জেরে সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে দুর্যোগ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সোমবারের আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, ইতিমধ্যেই দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যা মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। পাশাপাশি, নিম্নচাপ অঞ্চলটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরের জেলাগুলিতেও আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।

ইতিমধ্যেই বৃষ্টির জেরে দিঘা, সাগর দ্বীপ ও হলদিয়ায় ভালোমতো জল জমেছে। গত ২৪ ঘণ্টায় পর্যটনকেন্দ্র দিঘায় সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সাগরদ্বীপে ৬৫ মিলিমিটার এবং হলদিয়ায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আইএমডি (IMD)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সেপ্টেম্বর মাসটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শেষ পর্যায় হলেও, এই সময়ে পূর্ব, মধ্য ও উত্তর ভারতের কিছু অংশে নতুন করে বর্ষার সক্রিয়তা দেখা যেতে পারে। এর ফলে চলতি মরসুমের ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।