ডিএনএ-এর মধ্যেই নেই আদালত মানার বালাই! মমতার বিরুদ্ধে বিস্ফোরক এফআইআর হতেই তীব্র কটাক্ষ ঋতব্রতের

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে। আর এই আইনি পদক্ষেপের পরেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত ওই সমাবেশে যান চলাচল বিঘ্নিত করা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে জামিন অযোগ্য ধারা সহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই প্রসঙ্গে সরব হয়ে বিরোধী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “উনি তো কোর্ট মানেন না, এটা ওনার ডিএনএ-র মধ্যেই রয়েছে। অস্বীকার করার প্রবণতা থেকে উনি এখনও বেড় হতে পারছেন না।” হিটলারের শাসনকালের সঙ্গে তুলনা টেনে তিনি আরও বলেন যে, বিগত ১৫ বছর ধরে একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাওয়ার মানসিকতা থেকেই এই ধরনের আইন অমান্য করা হয়েছে। একের পর এক অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই পুলিশি পদক্ষেপ ঘিরে এখন উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন।