‘ভেবেছিলাম আরও দু’বছর ভারতকে নেতৃত্ব দেব!’ আচমকা ক্যাপ্টেন্সি খুইয়ে অবশেষে বুক ফাটা আক্ষেপ সূর্যকুমারের

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর ধাক্কা কাটেনি এখনও। আকস্মিক সেই সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। জাতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তীব্র বিস্ময় প্রকাশ করলেও নির্বাচকদের এই পদক্ষেপে তিনি যে ব্যথিত, তা স্পষ্ট করে দিয়েছেন। প্রাক্তনী আকাশ চোপড়ার সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে সূর্যকুমার স্বীকার করেছেন, ২০২৬ সালের এই সময়েও তিনি ভেবেছিলেন আরও অন্তত দু’বছর দেশকে নেতৃত্ব দেবেন।

সূর্যর নেতৃত্বে ভারতের সময়টা ছিল রূপকথার মতো। তাঁর জমানায় ভারত একটিও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারেনি, জিতেছিল এশিয়া কাপ। আর সবচেয়ে বড় মুকুট হিসেবে দেশের মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। কিন্তু এত সাফল্যের পরেও যখন দল ঘোষণার সময় তিনি দেখেন তাঁর নাম অধিনায়ক হিসেবে নেই, তখন প্রথমটায় বিশ্বাস করতে পারেননি। কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে সেদিন তিনি হাসির আড়ালেই নিজের ক্ষোভ ও হতাশা ঢেকেছিলেন বলে জানান এই তারকা ব্যাটার।