ফিক্সড ডিপোজিটে বদলাল নিয়ম! নবীন থেকে প্রবীণ—টাকা জমানোর এই অঙ্ক না জানলে পস্তাবেন

সাধারণ মানুষের কাছে ফিক্সড ডিপোজিট বা এফডি মানেই সবচেয়ে নিরাপদ ও সহজ উপায়ে টাকা জমানোর ঠিকানা। টাকা রেখে দিন, নির্দিষ্ট মেয়াদ শেষে সুদে-মূলে তুলে নিন—এই ধারণাই এতদিন প্রচলিত ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, জীবনের বয়স ও পরিস্থিতির সঙ্গে সঙ্গে ফিক্সড ডিপোজিট করার নিয়মেও বড় বদল আনা জরুরি। কারণ কুড়ির যুবকের আর্থিক লক্ষ্য আর ষাটের প্রবীণের প্রয়োজনের হিসাব কখনই এক হয় না।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বেশি মুনাফার চেয়ে মূলধনের সুরক্ষা এবং নিয়মিত আয়ের সংস্থানটাই সবথেকে বড় অগ্রাধিকার হওয়া উচিত। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সাধারণত সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণদের এফডি-তে অতিরিক্ত সুদের সুবিধা দিয়ে থাকে। বর্তমানে আরবিআই-এর রেপো রেট ৫.২৫ শতাংশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রবীণরা দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট বেছে নিতে পারেন। এছাড়া পুরো জমানো টাকা একসঙ্গে একটি অ্যাকাউন্টে না রেখে ‘এফডি ল্যাডারিং’ বা বিভিন্ন মেয়াদে ভাগ করে টাকা রাখার কৌশল অবলম্বন করলে প্রয়োজনের সময় পুরো ফিজড ডিপোজিট ভাঙার ঝক্কি পোহাতে হয় না।
অন্যদিকে, তরুণ বা কমবয়সিদের ক্ষেত্রে বিনিয়োগের ধরণ সম্পূর্ণ আলাদা হওয়া উচিত। কেরিয়ারের শুরুতে বা পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার সময় জরুরি অবস্থার কথা মাথায় রেখেই আর্থিক পরিকল্পনা করতে হয়। তাই বয়স এবং জীবনের লক্ষ্য ভেদে ফিক্সড ডিপোজিটের সঠিক কৌশল জানা থাকলে ভবিষ্যতে বড় আর্থিক সংকট থেকে অনায়াসেই দূরে থাকা সম্ভব।