ব্রাজিল ম্যাচ ঘিরে চরম উন্মাদনা! ১০০০ টাকায় যুবভারতীতে মিলবে ম্যাচের টিকিট?

পুজোর ঠিক আগেই বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে খেলতে আসছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল। আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এই মেগা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে প্রবল কৌতূহল তৈরি হয়েছে—টিকিটের দাম কত হতে পারে, তা কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে এবং কীভাবে কাটা যাবে সেই টিকিট?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা AIFF-এর আয়োজনে কেবল ব্রাজিল নয়, পরপর তিনটি হাইভোল্টেজ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে ভারত। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিবীরা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। এরপর ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার পর, আগামী ৬ অক্টোবর ফের একই মাঠে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এই সমস্ত ম্যাচগুলির লজিস্টিক্স বা সার্বিক আয়োজনের দায়িত্বে রয়েছে রাজ্য সরকার, তবে টিকিটের মূল্য নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার রয়েছে AIFF-এর হাতেই। জানা গিয়েছে, টিকিট বিক্রির জন্য ‘ডিস্ট্রিক্ট’ অ্যাপের সঙ্গে ২৫ কোটি টাকার একটি চুক্তি সম্পন্ন করেছে ফেডারেশন। এই অ্যাপের মাধ্যমেই সমস্ত ম্যাচের টিকিট বিক্রি করা হবে। পুরো এই টুর্নামেন্ট আয়োজন করতে প্রায় ৮০ কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
টিকিটের সম্ভাব্য দাম কত? এখনও পর্যন্ত টিকিটের চূড়ান্ত মূল্য ঘোষণা করা না হলেও, ক্রীড়া মহলের খবর অনুযায়ী ন্যূনতম টিকিটের দাম ৩,০০০ টাকা থেকে শুরু হতে পারে। অন্যদিকে, ভিআইপি এবং হসপিটালিটি বক্সের টিকিটের সর্বোচ্চ দাম গিয়ে ঠেকতে পারে ২৫ হাজার টাকায়।
তবে কি ১,০০০ টাকার টিকিটও মিলবে? সূত্রের খবর, সীমিত সংখ্যক কিছু টিকিট ১,০০০ টাকার ব্র্যাকেটেও রাখা হতে পারে। তবে ফুটবলপ্রেমীদের যে উন্মাদনা, তাতে অ্যাপে টিকিট বিক্রি শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই সেই সস্তা টিকিট শেষ হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আইএফএ অনুমোদিত ক্লাবগুলি এবং দেশের হয়ে খেলা প্রাক্তন ফুটবলারদের জন্য বিনামূল্যে বা বিশেষ কোটায় টিকিট দেওয়ার কথা ভাবা হয়েছে। ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত ১,০০০ টাকার টিকিট আদতে কতটা হাতে পাবেন, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে দর্শকদের ব্যাপক চাহিদা এবং খেলোয়াড়দের উৎসাহ বজায় রাখতে AIFF টিকিটের দাম সাধারণের সাধ্যের কাছাকাছি রাখার কথাও বিবেচনা করছে।
কীভাবে কাটবেন টিকিট? ফুটবলপ্রেমীরা ঘরে বসেই ‘ডিস্ট্রিক্ট’ অ্যাপের মাধ্যমে এই ম্যাচের টিকিট কাটতে পারবেন। ইতিমধ্যে ওই অ্যাপে ভারত-ব্রাজিল ম্যাচের জন্য একটি পৃথক উইন্ডো তৈরি করা হয়েছে। টিকিট বিক্রি শুরু হওয়ার সঠিক সময় যাতে হাতছাড়া না হয়, তার জন্য অ্যাপে একটি ‘নোটিফাই মি’ অপশনও চালু করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর রাতেই ভিনিশিয়াস জুনিয়ররা কলকাতায় পা রাখতে চলেছেন। শুধু ফুটবলাররাই নন, ব্রাজিলের পুরো দলটিতে প্রায় ৯৬ জন সদস্য থাকছেন। অস্ট্রেলিয়া থেকে বিশেষ প্রাইভেট জেটে তারা সরাসরি কলকাতায় আসবেন। ভিনিশিয়াসদের হোটেলের রুম থেকে শুরু করে জিম সরঞ্জাম—সব ক্ষেত্রেই বিশেষ সুরক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। তাঁদের থাকার হোটেল এবং প্র্যাকটিসের মাঠ কেমন হবে, তা খতিয়ে দেখতে ব্রাজিলের একটি টেকনিক্যাল টিম ইতিমধ্যেই গত অগাস্ট মাসে কলকাতা ঘুরে গিয়েছে।