বাজারে হাজার টাকা খরচ নয়! মাত্র কয়েকটি কুমড়োর বীজেই দূর হবে চুল পড়ার সমস্যা, রইল বানানোর সহজ উপায়

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাপন—এসবই চুল দুর্বল হয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। চুলের হাজারো সমস্যার সমাধানে আমরা প্রায়ই বাজারচলতি বিভিন্ন রাসায়নিক পণ্যের ওপর নির্ভর করি, অথচ এর প্রকৃত ও স্থায়ী সমাধান লুকিয়ে আছে আমাদের হাতের কাছেই। সম্প্রতি রূপচর্চা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কুমড়োর বীজের তেল চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং গোড়া থেকে চুলকে মজবুত করতে এক জাদুকরী ভূমিকা পালন করে।
কুমড়োর বীজে ভরপুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, স্বাস্থ্যকর ফ্যাট যেমন ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, আয়রন, ফাইবার, ম্যাগনেসিয়াম, কপার, ভিটামিন-ই এবং জিঙ্ক রয়েছে। এই সমস্ত উপাদান চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ তেল আপনি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। এর জন্য লাগবে মাত্র হাফ কাপ কুমড়োর বীজ, ১ কাপ খাঁটি নারকেল তেল এবং ১ চা চামচ কালোজিরে।
প্রস্তুত প্রণালী অত্যন্ত সহজ। প্রথমে কুমড়োর বীজগুলি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একটি পাত্রে ছড়িয়ে জল শুকিয়ে নিন। এরপর হালকা আঁচে বীজগুলি কড়াইতে একটু ভেজে নিন, যাতে পুষ্টিগুণ নষ্ট না হয়। ভাজা বীজগুলো ঠান্ডা করে মিক্সারে আধ-ভাঙা বা দানাযুক্ত করে গুঁড়ো করে নিন। এবার একটি পাত্রে ১ কাপ নারকেল তেল মাঝারি আঁচে গরম করে তাতে আধা-ভাঙা কুমড়োর বীজ ও কালোজিরে মিশিয়ে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা করুন। এরপর একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে তেলটি ছেঁকে একটি কাচের বোতলে ভরে নিলেই আপনার হোমমেড কুমড়োর বীজের তেল ব্যবহারের জন্য একেবারে প্রস্তুত।
সপ্তাহে দুই থেকে তিনবার এই তেল ব্যবহার করলে চমৎকার ফল পাবেন। চুল ধোয়ার আগে সামান্য তেল ঈষদুষ্ণ করে মাথার ত্বকে বা স্ক্যাল্পে আলতো হাতে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করুন। প্রায় এক ঘণ্টা রেখে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। রাসায়নিকযুক্ত প্রসাধন বাদ দিয়ে আজই ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে।