বছরে ৩টি রান্নার গ্যাস ও বাসযাত্রা সম্পূর্ণ ফ্রি! তামিলনাড়ুতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ কমাতে বড় পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার। রাজ্যের প্রতিটি যোগ্য পরিবারকে বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোমবার বিধানসভায় এই ঘোষণা করার পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিসর আরও বাড়ানোর কথা জানান তিনি।

বিধানসভায় একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি একে একে রক্ষা করা হচ্ছে। বিশেষ করে মহিলাদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার

মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা অনুযায়ী, ‘অন্নপূরানি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় প্রথম ধাপে প্রতি বছর তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এই সিলিন্ডারের মূল্য সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের যে বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে, তা লাঘব করতেই এই উদ্যোগ। আগামী বছর পোঙ্গল উৎসবের দিন থেকে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর মাধ্যমে রাজ্যের প্রায় ১ কোটি ৩৮ লক্ষ পরিবার উপকৃত হবে।

বিনামূল্যে বাসযাত্রা

অন্যদিকে, মহিলাদের যাতায়াত আরও সহজ করতে ‘ভেট্রি পানায়না থিট্টাম’ বা বিজয় যাত্রা প্রকল্পের আওতা আরও বাড়ানো হয়েছে। আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী থেকে এই বর্ধিত পরিষেবা কার্যকর হবে। নতুন এই ব্যবস্থার জেরে মহিলারা এখন থেকে মেট্রোপলিটন ও শহরাঞ্চলের পাশাপাশি এক্সপ্রেস, এলএসএস (LSS) এবং ডিলাক্স সরকারি বাসেও সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

পাশাপাশি, দূরপাল্লার যাতায়াত বা বিভিন্ন জেলার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে শহরতলি ও পাহাড়ি এলাকার সাধারণ ভাড়ার বাসেও এই সুবিধা মিলবে। সরকারের এই প্রকল্পের সুফল শুধু মহিলাই নন, রাজ্যের রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ভুক্ত মানুষেরাও ভোগ করতে পারবেন। এই বিশেষ বাসযাত্রার ক্ষেত্রে আয়ের কোনও ঊর্ধ্বসীমা বা যাতায়াতের সংখ্যার ওপর কোনও নিষেধাজ্ঞা রাখা হয়নি। এই সম্পূর্ণ পরিকাঠামোটি বাস্তবায়ন করতে রাজ্য সরকারের বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।