৬২ হাজার কোটির মহা প্রকল্প! আগামী ৫ বছরে ৩৯ লক্ষ কোটি টাকার ফোন তৈরির ঘোষণা কেন্দ্রের

দেশের প্রযুক্তি ও উৎপাদন খাতে এক ঐতিহাসিক মাইলফলক গড়তে চলেছে মোদি সরকার। ভারতে মোবাইল ফোন উৎপাদন আরও বহুগুণ বাড়িয়ে তোলার লক্ষ্যে ৬২,৫০০ কোটি টাকার একটি বিশাল উৎপাদন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ৫ বছরের মধ্যে অর্থাৎ ২০৩১ সালের মধ্যে এই প্রকল্পের হাত ধরে দেশে প্রায় ৩৯ লক্ষ কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশীয় উৎপাদন শিল্পে বিপ্লব ঘটার পাশাপাশি অন্তত ৬০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত বর্তমানে মোবাইল ফোন আমদানির দেশ থেকে বেরিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্যান্ডসেট উৎপাদক রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে ব্যবহৃত মোট ফোনের ৯৯.২ শতাংশই এখন মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় দেশেই তৈরি হচ্ছে। সরকারের এই পদক্ষেপে আগামী দিনে বৈশ্বিক বাজারে ভারতের অবস্থান আরও পোক্ত হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।