শুধু আনন্দ নয়, নাচই দূর করবে মানসিক অবসাদ! ডান্স থেরাপির জাদুকরী উপশম জানলে চমকে যাবেন

নাচ কেবল আনন্দ বা বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার এক দারুণ হাতিয়ার। বর্তমান সময়ে চিকিৎসার অঙ্গ হিসেবে ‘ডান্স থেরাপি’ বা নৃত্য চিকিৎসার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। শরীর ও মনের মেলবন্ধনে এই বিশেষ পদ্ধতি কীভাবে মানুষের মানসিক অবসাদ দূর করে এবং ফিটনেস বজায় রাখতে সাহায্য করে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে।
ডান্স/মুভমেন্ট থেরাপি (ডিএমটি) মূলত এক ধরনের সৃজনশীল সাইকোথেরাপি। এর মাধ্যমে মানুষের সামাজিক যোগাযোগ বাড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নত হয় এবং শারীরিক নমনীয়তা বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ নিজের জমে থাকা আবেগ বা ভেতরের কথা মুখে প্রকাশ করতে পারে না, সেই না-বলা কথাগুলোই নানা শারীরিক ভঙ্গি ও অঙ্গচালনার মাধ্যমে প্রকাশ করার সুযোগ করে দেয় এই থেরাপি। থেরাপিস্টরা এখানে কোনো কথা না বলে কেবল নড়াচড়ার মাধ্যমে মানুষের আবেগ ও শ্বাস-প্রশ্বাসের সংযোগ বুঝতে সাহায্য করেন।
বিশেষজ্ঞদের মতে, ডান্স থেরাপিতে শরীরের প্রতিটি অংশের অবিরাম নড়াচড়া ঘটে, যা পেশির সক্রিয়তা বাড়াতে এবং দেহের ভারসাম্য ও সঠিক ভঙ্গি বজায় রাখতে অত্যন্ত কার্যকরী। মানসিক চাপ কমানোর পাশাপাশি শারীরিক সুস্থতার চাবিকাঠি হিসেবে এই থেরাপি এখন চিকিৎসকমহলেও সমাদৃত হচ্ছে।