তামাক কাণ্ডে বড় ধাক্কা! ১০ লক্ষ টাকা জরিমানার মুখে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

ছদ্মবেশী বা সারোগেট বিজ্ঞাপনের মাধ্যমে তামাকজাত পণ্য ও গুটখার প্রচার চালানোর অভিযোগে বড়সড় আইনি বিপাকে পড়েছেন বলিউডের তিন মেগাস্টার—শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) খোদ এই তিন মহাতারকার বিরুদ্ধে ‘খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬’-এর আওতায় আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিস জারি করেছে।

এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নোটিসের উপযুক্ত ও সন্তোষজনক জবাব দিতে না পারলে অভিযুক্ত তারকাদের ওপর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে। পাশাপাশি, এফডিএ আইনের নিষিদ্ধ পণ্য সংক্রান্ত কঠোর ধারায় তাঁদের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার পথও খোলা রয়েছে। গত ১১ অগাস্ট এই নোটিস পাঠানো হয়েছে এবং তা পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিত জবাব তলব করা হয়েছে। প্রশাসনের এই কড়া পদক্ষেপে বলিপাড়ায় শোরগোল পড়ে গেছে।