‘১০০% খাঁটি’ বললেই সোজা থাপ্পড়! FSSAI-এর হুঙ্কারে লেবেল মুছতে বাধ্য হল Amway, Emami-র মতো ৫ বড় কোম্পানি

প্যাকেজিংয়ে ‘১০০%’ বা সম্পূর্ণ খাঁটি প্রমাণের মিথ্যা দাবি করে আর ক্রেতাদের বোকা বানাতে পারবে না দেশের বড় বড় খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর কড়া নজরদারি ও চূড়ান্ত হুঁশিয়ারির মুখে পড়ে অবশেষে নতি স্বীকার করল দেশের পাঁচটি বৃহৎ ফুড ব্র্যান্ড। বিজ্ঞাপন এবং প্যাকেজিং থেকে বিভ্রান্তিকর ‘১০০%’ লেবেল নীরবে সরাতে শুরু করেছে তারা।
খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থার সাফ কথা, খাবারের প্যাকেটে ‘১০০% খাঁটি’ বা ‘১০০% প্রাকৃতিক’ বলে দাবি করা একপ্রকার ক্রেতাদের সঙ্গে সরাসরি প্রতারণা। কঠোর পদক্ষেপের মুখে পড়ে এই সংস্থাগুলি তাদের ভুল স্বীকার করে বিজ্ঞাপন সংশোধন ও পুরনো প্যাকেজিং বাজার থেকে তুলে নিতে বাধ্য হয়েছে।
কোন কোন কোম্পানির বিরুদ্ধে বসল খাঁড়া?
বন বিস্কুট প্রাইভেট লিমিটেড: এই সংস্থা তাদের ‘জিরা বাইট’ বিস্কুটের বিজ্ঞাপনে ‘১০০% হোল গ্রেইন’ বা সম্পূর্ণ শস্যের দাবি করে আসছিল। FSSAI আপত্তি জানানোর পরেই সেই দাবি সরিয়ে নেওয়া হয়।
এপিস ইন্ডিয়া ও ইমামি লিমিটেড: জনপ্রিয় ‘ঝান্ডু হানি’ বা মধুর প্যাকেটে আগে ‘১০০% মধু’ লেখা থাকত। নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপে সেই বিভ্রান্তিকর দাবি এখন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ: তাদের ‘পারসোনা কোকোনাট অয়েল’ বা নারকেল তেলকে ‘১০০% খাঁটি’ বলে বিক্রি করা হচ্ছিল। সরকারি আপত্তির পর ওয়েবসাইট থেকে সেই দাবি হটিয়েছে কোম্পানি। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে নতুন প্যাকেজিং বাজারে আসবে।
জুজা ফুডস (কেরালা): শিশুদের খাবারে ‘১০০% রাগি’, ‘১০০% ভেগান’ এবং ‘১০০% ক্লিন ইনগ্রেডিয়েন্টস’-এর মতো ভুয়া দাবি করা হচ্ছিল। সঠিক প্রমাণ না থাকায় FSSAI-এর কোপে পড়ে আপাতত নিজেদের ই-কমার্স ওয়েবসাইট পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে এই সংস্থা।
মাস্টারচাও ফুডস: এই ব্র্যান্ডের ‘রামেন নুডুলস’-এ ‘১০০% ন্যাচারাল’ বা প্রাকৃতিক তকমা সাঁটানো ছিল, যা নিয়মের সঙ্গে মেলে না। কড়া পদক্ষেপের জেরে অবিলম্বে প্যাকেজিং বদলাতে হয়েছে তাদের।
বিশেষজ্ঞদের মতে, FSSAI-এর এই ঐতিহাসিক পদক্ষেপের পর এটা স্পষ্ট যে, ফুড কোম্পানিগুলি আর শব্দের মারপ্যাচে সাধারণ ক্রেতাকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না। আগামী দিনে এই নিয়ম আরও কঠোর হতে চলেছে বলে জানিয়েছে প্রশাসন।