হাসপাতালে ধূমপান নিষিদ্ধ, থুতু ফেললে কত ফাইন? জেনেনিন ১০ দফা নির্দেশ

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ তামাক ও থুতু মুক্ত করতে এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন। হাসপাতাল চত্বরে ধূমপান বা যত্রতত্র থুতু ফেলার মতো অভ্যাস রুখতে একযোগে ১০ দফা কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের এই নতুন বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম লঙ্ঘন করলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য দফতরের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠানগুলিতে এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৭ সালের পুরনো নির্দেশিকা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় এবার আরও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে ইতিমধ্যেই এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

১০ দফা নির্দেশিকার মূল বিষয়গুলি কী?

  • সম্পূর্ণ নিষেধাজ্ঞা: রাজ্যের প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও পরিষেবা কেন্দ্রকে পুরোপুরি টোবাকো ফ্রি এবং স্পিটিং ফ্রি চত্বর ঘোষণা করা হয়েছে।

  • নোডাল অফিসার নিয়োগ: প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে নির্দিষ্ট নোডাল অফিসার থাকবেন, যাঁর নাম ও যোগাযোগের নম্বর চত্বরে বড় করে টাঙাতে হবে।

  • দৃশ্যমান সাইনবোর্ড: হাসপাতালের প্রবেশদ্বার, বহির্বিভাগ, করিডর, শৌচাগার, লিফট ও সিঁড়ির ল্যান্ডিংয়ে ধূমপান ও থুতু নিষিদ্ধের সাইনবোর্ড লাগাতে হবে।

  • বিক্রি ও প্রচারে নিষেধাজ্ঞা: হাসপাতাল চত্বরে তামাকজাত দ্রব্যের বিক্রি, মজুত, প্রদর্শন বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ক্যান্টিন বা কিয়স্কগুলিতেও এই নিয়ম কঠোরভাবে মানতে হবে।

  • নিয়মিত পরিদর্শন: জেলা টোবাকো কন্ট্রোল সেলের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে এবং আইন ভাঙলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • কাউন্সিলিংয়ের ব্যবস্থা: যারা তামাক ব্যবহার করেন, তাঁদের প্রয়োজনে টোবাকো সিসেশন সেন্টারে কাউন্সেলিংয়ের জন্য পাঠানোর ব্যবস্থা করতে হবে।

কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় আইন অনুযায়ী, স্বাস্থ্য প্রতিষ্ঠানে ধূমপান করলে বা থুতু ফেললে কড়া আর্থিক দণ্ডের বিধান রয়েছে। আইন অনুযায়ী স্বাস্থ্য চত্বরে ধূমপান করলে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং থুতু ফেললে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, কেন্দ্রীয় COTPA আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ এবং আইন ভাঙলে পণ্য বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানা আদায় করা হবে।

গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের বড় মেডিক্যাল কলেজ—সব জায়গাতেই এই নির্দেশিকা সমানভাবে বলবৎ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।