নয়নতারার মাথা ন্যাড়া, তিরুপতি দর্শনের ছবি ভাইরাল, জানুন আসল সত্যি কি ?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি হু হু করে ছড়িয়ে পড়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, তাঁর মাথা সম্পূর্ণ ন্যাড়া, পরনে সাদা সালোয়ার এবং সবুজ ওড়না। আর এই ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। অনুরাগীদের অনেকেরই দাবি, যশের সঙ্গে বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-এর মুক্তির আগেই মানত রাখতে তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে খতিয়ে দেখার পর এই ছবির আসল সত্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাইরাল ছবির আসল সত্য কী? অনুরাগীদের একাংশের দাবি অনুযায়ী এই ছবি ছড়ালেও, বাস্তবে এটি সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সাহায্য নিয়ে এই ছবিগুলি তৈরি করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে স্বামী ভিগ্নেশ শিবনকে সঙ্গে নিয়ে তিরুমালা দর্শনে গিয়েছিলেন নয়নতারা। সেসময়ের একটি আসল ছবিকে বিকৃত করেই এই এআই (AI) কারসাজি করা হয়েছে। আসল ছবিতে নায়িকার মাথায় চুল থাকলেও, প্রযুক্তির অপব্যবহার করে শুধু মাথার চুল সরিয়ে তাঁকে ন্যাড়া দেখানো হয়েছে, যদিও তাঁর পোশাক ও কানের দুল একেবারে অপরিবর্তিত রাখা হয়েছে।

আসন্ন ছবি ‘টক্সিক’ ও নয়নতারা উল্লেখ্য, আগামী দিনে যশের বিপরীতে বহুল প্রতীক্ষিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ ছবিতে ‘গঙ্গা’র চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে সিনেমার মুক্তির ঠিক প্রাক্কালে নায়িকার এআই-সৃষ্ট এই ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ফের একবার কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সচেতন নেটিজেনরা।